২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় যুব উদ্যোক্তা নীতিমালা অনুমোদন

যুব উন্নয়ন অধিদপ্তর এ নীতিমালা বাস্তবায়ন করবে।

জাতীয় যুব উদ্যোক্তা নীতিমালা অনুমোদন
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মঙ্গলবার সংবাদ সম্মেলনে আসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2025, 11:03 PM

Updated : 26 Aug 2026, 12:39 PM

বেকার যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ‘জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫’ এ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

মঙ্গলবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। তাতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। 

বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “বিগত সময়ে উদ্যোক্তা নিয়ে বড় বড় ঢাকঢোল পেটানো হলেও কাঠামোগত কাজ হয়নি। ভেবেছিলাম আগের সরকারের অনেক কাজ থাকবে, যেগুলো এগিয়ে নিতে পারব। 

“ওরকম কিছুই পাইনি, উদ্যোক্তা বলতে সেই সেলাই মেশিন, পাটের বস্ত্র বানানোকেই চিন্তা করা হয়। পৃথিবীজুড়ে উদ্যোক্তা বিষয়টা এখন অন্য স্তরে চলে গেছে। সেজন্য উদ্যোক্তাদের সহযোগিতা করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।”

তিনি বলেন, “সরকারি বেসরকরি মিলিয়ে ১২ লাখ কর্মসংস্থানের বিপরীতে প্রতিবছর ২২ লাখ তরুণ শ্রম বাজারে প্রবেশ করে। সেজন্য তরুণদের দক্ষ ও সৃজনশীল হিসেবে তৈরি করে তাদের সফল উদ্যোক্তা বানানোর চিন্তা করছে সরকার।”

কাদের জন্য কেমন উদ্যোগ?

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “যারা উদ্যোক্তা হওয়ার সুযোগ খুঁজছেন বা চাকরি হারিয়েছেন, বেকার বা বিদেশ ফেরৎ বেকার বা ভবিষ্যত কর্মসংস্থান সম্পর্কে নিশ্চিত নন- এমন সম্ভাবনাময় যুবকদের সহায়তা করতে এ উদ্যোগ। এ নীতিমালার অধীন বেকার নারী ও গৃহিনীদের মধ্যে যারা নিজস্ব উদ্যোগ শুরু করতে চাচ্ছেন, তাদের সহায়তা করা হবে। ফ্রিল্যান্সার, স্বতন্ত্র বা একক মালিকানাধীন প্রতিষ্ঠানের জন্য বিশেষ কার্যক্রম চালু করা হবে।”

উপদেষ্টা বলেন, “উদ্যোক্তাদের পুঁজি সহায়তার জন্য নীতিমালার অধীন কয়েকটি সুপারিশ করা হয়েছে। যেমন যুব উন্নয়ন অধিদপ্তর থেকে স্বতন্ত্র সামাজিক ব্যবসা হিসেবে ঘূর্ণায়মান ঋণ তহবিল প্রতিষ্ঠা করে সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ দিয়ে উদ্যোক্তাদের সহায়তা করা হবে। 

“বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে উদ্যোক্তাদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সহায়তা দেওয়া হবে। ঋণ সহায়তার জন্য বিভিন্ন সরকারি, বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক সই হবে।“ 

উদ্যোক্তাদের পণ্য ও সেবা উৎপাদনের জন্য কাঁচামাল বা অন্যান্য পণ্য আমদানির প্রয়োজন হলে নির্দিষ্ট সময়ের জন্য কর ও অন্যান্য শূল্ক অব্যাহিত দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও তুলে ধরেন তিনি। 

“এছাড়া তহবিল সংগ্রহ, বিপণন, ব্র্যান্ডিং, জনসংযোগ, ব্যবসায়িক আইন ও হিসাবরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে। জেলা ও উপজেলা পর্যায়ে চালু করা হবে যুব উদ্যোক্তা পুরস্কার।”

নীতিমালা বাস্তবায়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রীর সভাপতিত্বে একটি জাতীয় কাউন্সিল গঠন করা হবে। নীতিমালা বাস্তবায়নের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে একটি স্টিয়ারিং কমিটি ও যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হবে। জেলা ও উপজেলা পর্যায়ে কমিটিগুলো গঠন কর হবে। যুব উন্নয়ন অধিদপ্তর সরাসরি এই নীতিমালা বাস্তবায়ন করবে।

তুলাকে কৃষিপণ্য ঘোষণা

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, দেশে উৎপাদিত আঁশ তুলাকে কৃষিপণ্য ঘোষণার প্রস্তাব অনুমোদন হয়েছে। ফলে যারা তুলা উৎপাদন করতে চান, তাদের জন্য কৃষি ঋণ নেওয়াটা সহজ হবে।

“আমরা পোশাক শিল্পে আরও ব্যাপকতা চাচ্ছি। সেক্ষেত্রে নিজস্ব তুলা থাকলে বাড়তি সুবিধা হবে। তুলা উৎপাদনকে উৎসাহ দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।”