৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

গ্রামে ‘প্রকৃত অর্থে’ কোনো লোডশেডিং নেই, দাবি বিদ্যুৎমন্ত্রীর

“কিছুদিন আগে যে লোডশেডিং দেখা গিয়েছিল, তা তেলের সংকটের কারণে নয়; বরং যান্ত্রিক ত্রুটির কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2026, 03:28 PM

Updated : 26 Aug 2026, 03:33 PM

গ্রামে প্রকৃত অর্থে ‘কোনো লোডশেডিং নেই’ বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি বলেন, পল্লী বিদ্যুতের লাইন অনেক দীর্ঘ হওয়ায় কোথাও ত্রুটি দেখা দিলে তা শনাক্ত করতে সময় লাগে। এ কারণে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।

“তবে লাইন ঠিক হলে আবার বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে যায়।”

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মঙ্গলবার তৃতীয় দিনের মত জেলা প্রশাসক সম্মেলনে অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কথা বলছিলেন।

বিদ্যুৎমন্ত্রী বলেন, “কিছুদিন আগে যে লোডশেডিং দেখা গিয়েছিল, তা তেলের সংকটের কারণে নয়; বরং যান্ত্রিক ত্রুটির কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল।”

‘তেলের অভাবে লোডশেডিং হয় না’ মন্তব্য করে মন্ত্রী বলেন, “সম্প্রতি তেল নিয়ে যে কৃত্রিম সংকট তৈরি হয়েছিল, তা মোকাবিলায় জেলা প্রশাসকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।”

এজন্য তিনি তাদের (জেলা প্রশাসক) ধন্যবাদ জানিয়েছেন। বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি সম্পর্কেও তাদের অবহিত করা হয়েছে বলেও জানিয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি বলেন, “সোলার প্যানেলের মাধ্যমে আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা বাস্তবায়নে আগামী তিন মাসের মধ্যে ডিসি অফিসগুলোতে সোলার প্যানেল স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।”

 এ ক্ষেত্রে জেলা প্রশাসকদের কাছ থেকেও সহযোগিতার আশ্বাস মিলেছে বলে জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী

এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন।