২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা মামলা: সাবেক এডিসি শাহেন শাহ ৩ দিনের রিমান্ডে

সোমবার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকা মহানগর হাকিম শাহিন রেজা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2024, 04:36 PM

Updated : 26 Aug 2026, 10:45 AM

বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হত্যার ঘটনায় তেজগাঁও থানার মামলায় গোয়েন্দা পুলিশের সাবেক এডিসি শাহেন শাহকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। 

সোমবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিন রেজা এ আদেশ । 

ডিবি পুলিশের সাবেক এই কর্মকর্তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য তার সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক রুবেল মল্লিক।

এ সময় রাষ্ট্রপক্ষে শুনানি করেন মহানগর দায়রা জজ আদালতে সরকারি কৌঁসুলি (পিপি) ওমর ফারুক ফারুকী; অপরদিকে আসামিপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত শাহেন শাহর তিনদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

শুনানিতে ওমর ফারুক ফারুকী বলেন, “শাহেন শাহ ডিবির হারুনের অন্যতম সহযোগী। সে আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনার পক্ষ নিয়ে ছাত্র-জনতার উপর গুলি চালিয়েছে। হাসিনা যতটুকু না করেছেন তার চেয়ে বেশি করেছে পুলিশ। 

“তারা ২০১৮ সালে সরকারের পক্ষে কাজ করে বিরিয়ানি পার্টি করেছে। এই সরকারকে টিকিয়ে রেখে সে হাজার হাজার কোটি টাকা, বাড়ি-গাড়ি কামিয়েছে। সে আরও অপকর্ম হত্যার সাথে জড়িত। রিমান্ডে নিলে আরো অনেক অপকর্মের তথ্য বেরিয়ে আসবে।”

আসামিপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক শুনানিতে বলেন, “তৎকালীন সময়ে নিষ্ক্রিয় থাকার কারণে শাহেন শাহকে বদলি করা হয়। আন্দোলনের সময় তিনি সরকারের আদেশ অমান্য করেছেন। তাই তাকে গত ২৮ জুলাই মিরপুরের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে বদলি করা হয়। সে এই ঘটনার সাথে কোনোভাবে জড়িত না। তাকে রিমান্ডে নেওয়ার কোনো যৌক্তিকতা নেই। সে অসুস্থ তাকে জামিন দিন।”

গত ১৭ অক্টোবর ঢাকার বেইলি রোড এলাকা থেকে শাহেন শাহকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন রিমান্ড আবেদনসহ আদালতে পাঠালে এদিন শুনানির দিন ঠিক হয়। 

মামলার বলা হয়েছে, সরকার পতনের আগের দিন গত ৪ অগাস্ট রাজধানীর তেজগাঁও থানার কারওয়ান বাজার এলাকায় গুলিতে নিহত হন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী রমিজ উদ্দিন রূপ (২১)। 

এ ঘটনায় তার বাবা এ কে এম রকিবুল আহম্মেদ বাদী হয়ে তেজগাঁও থানায় একটি মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২৩ জনকে আসামি করা হয়।