২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবজি ব্যবসায়ী শাওন হত্যা: ৪ দিনের রিমান্ডে সালমান, আনিস গ্রেপ্তার

গত ৪ অগাস্ট বাইপাইলে ওই হত্যাকাণ্ড ঘটে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2025, 12:37 PM

Updated : 26 Aug 2026, 01:13 PM

বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকার আশুলিয়ায় সবজি ব্যবসায়ী শাহাবুল ইসলাম শাওন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

বৃহস্পতিবার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম তাজুল ইসলাম।

এর আগে সালমান এফ রহমানের সাত দিনের রিমান্ড চেয়ে এবং আনিসুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন সিআইডি পরিদর্শক খাজা গোলাম কিবরিয়া । শুনানির জন্য বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করা হয়।

আদালতে সাভার থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মো. খায়ের জানান, সালমান এফ রহমানের রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন তার আইনজীবী। বিচারক শুনানি নিয়ে তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বিবরণ অনুযায়ী, শাওন ঢাকার আশুলিয়া এলাকায় ভ্যানগাড়িতে করে সবজি বেচতেন। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ৪ অগাস্ট তিনি বাইপাইল মোড়ে আরএমএসটি ভবনের পাশে গেলে আসামিদের ছোড়া গুলিতে শাওনের মৃত্যু হয়। 

এ ঘটনায় শাওনের বড় ভাই তৌহিদুল মিয়া ১৮ জনের নাম উল্লেখ করে অচেনা আরও ৩০০/৪০০ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেন।