২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিওএইচএসে ফারাহ দীবা হত্যা: ২ বছর পর প্রধান আসামি গাড়িচালক গ্রেপ্তার

দেশের বিভিন্ন স্থানে নানা পরিচয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি।

ডিওএইচএসে ফারাহ দীবা হত্যা: ২ বছর পর প্রধান আসামি গাড়িচালক গ্রেপ্তার
ক্যাপশন- গ্রেপ্তার সবুজ বিশ্বাস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2026, 10:19 PM

Updated : 11 Sep 2026, 03:26 PM

রাজধানীর মিরপুরে ডিওএইচএসে বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রী ফারাহ দীবা হত্যার ঘটনার দুই বছর পর প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

কুষ্টিয়া থেকে তাকে গ্রেপ্তারের তথ্য বৃহস্পতিবার কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে তুলে ধরেন র‌্যাব কর্মকর্তারা।

গ্রেপ্তার গাড়িচালক মো. সবুজ বিশ্বাস দেশের বিভিন্ন স্থানে নানা পরিচয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন।

নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করতে গিয়ে ফারাহ দীবাকে হত্যা করা হয় বলে র‌্যাব মিডিয়া সেন্টারে লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানিয়েছেন।

২০২৪ সালের ২৭ অক্টোবর ফারাহ দীবাকে হত্যা করা হয়। এ ঘটনায় পরে পল্লবী থানায় মামলা হয়।

সংবাদ সম্মেলনে র‌্যাব কর্মকর্তা ইন্তেখাব চৌধুরী বলেন, ঘটনার পরদিন নিরাপত্তাকর্মী মো. মিলন মিয়াকে গ্রেপ্তার করা হয়। তার আদালতে দেওয়া জবানবন্দি ও মামলার অভিযোগপত্র অনুযায়ী, মিলন ও সবুজ একসঙ্গে বাসায় প্রবেশ করে ফারাহ দীবাকে আক্রমণ করেন। পেছন থেকে তাকে জাপটে ধরে মেঝেতে ফেলে দেন। সবুজ তার মুখ চেপে ধরেন এবং মিলন হাত-পা রশি দিয়ে বেঁধে মুখ গামছা দিয়ে পেঁচিয়ে দেন। এতে শ্বাসরোধে তার মৃত্যু হয়। এরপর তারা আলমারি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান।

তিনি বলেন, তদন্তে লুটপাটই হত্যার মূল উদ্দেশ্য হিসেবে দেখা গেছে। মামলার প্রধান আসামি সবুজ বিশ্বাস দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার কুষ্টিয়া সদর থানার কোর্ট স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।