রাজা চার্লসকে সংস্কারের বিষয়ে জানালেন ইউনূস
তাদের আধা ঘণ্টার একান্ত বৈঠকের বিষয়ে প্রেস সচিব বলেন, “এটিকে পুরো সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে।”
যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ পরিবর্তন ও অন্তর্বর্তী সরকারের নেওয়া চলমান সংস্কারের বিষয়ে অবহিত করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার লন্ডনে বাকিংহাম প্যালেসে রাজা চার্লসের সঙ্গে একান্ত বৈঠকে এর পাশাপাশি ব্যক্তিগত ও পেশাগত বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন মুহাম্মদ ইউনূস।
তাদের মধ্যে আধা ঘণ্টার এ ব্ঠৈক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিফ্রিংয়ে বলেন, “আজ (বৃহস্পতিবার) বেলা ১১টা ২০ মিনিটে রাজা চার্লস ও বাংলাদেশের প্রধান উপদেষ্টার মধ্যে একটি একান্ত বৈঠক হয়। এটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত একটি সাক্ষাৎ, যেখানে কেবল তারা দুজনই উপস্থিত ছিলেন।
“এতে বাংলাদেশের চলমান গুরুত্বপূর্ণ পরিবর্তন ও অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কারমূলক উদ্যোগগুলো নিয়ে আলোচনা হয়েছে। যেহেতু কিং চার্লস বহুদিন ধরে প্রফেসর ইউনূসকে চেনেন, তারা পুরানো সম্পর্কের আলোকে নানা ব্যক্তিগত ও পেশাগত প্রসঙ্গেও কথা বলেছেন। ৩০ মিনিটের বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এটিকে পুরো সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে।”
রাজা চার্লস ও ইউনূসের সম্পর্ক অনেকদিনের এবং তারা একে অপরের কাজ ও মূল্যবোধ সম্পর্কে ‘গভীরভাবে’ অবগত বলেও তুলে ধরেন প্রেস সচিব। বলেন, “কিং চার্লস তার কাজ সম্পর্কে ভালোভাবেই জানেন ও সম্মান করেন। কিং চার্লস নিজেও দরিদ্রবান্ধব একজন শাসক হিসেবে পরিচিত এবং পরিবেশ নিয়ে নানা উদ্যোগে সক্রিয়। এমনকি প্রফেসর ইউনূসের একটি আলোচিত বইয়ের ভূমিকাও তিনি নিজ হাতে লিখেছেন, যা বিশ্বব্যাপী সফল হয়েছিল।‘’
শফিকুল আলম বলেন, “আজকের মিটিংয়ের পর একটি অভূতপূর্ব ঘটনা হয়েছে–কিং চার্লস ও কুইন ক্যামিলা তাদের স্বাক্ষর ও ছবিসহ একটি উপহার প্রফেসর ইউনূসকে প্রদান করেন। এটি ছিল অত্যন্ত সম্মানের বিষয় এবং তাদের পারস্পরিক শ্রদ্ধা ও দীর্ঘদিনের সম্পর্কের নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে।”
‘যুক্তরাজ্যের সঙ্গে দারুণ সম্পর্কের প্রতিফলন’
ব্রিফিংয়ে প্রেস সচিব যুক্তরাজ্য সফরকালে দেশটির বিভিন্ন সংস্থার সঙ্গে সফরকারী প্রতিনিধি দলের বিভিন্ন ব্ঠৈক ফলপ্রসূ হয়েছে বলেও তুলে ধরেন। এ সফর যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে আরও ইতিবাচক করার কথা বলেন তিনি।
তিনি বলেন, “গত ১০, ১১ ও ১২ তারিখে সফরসঙ্গী হিসেবে থাকা চারজন খলিলুর রহমান, লুৎফে সিদ্দিকী, দুদকের চেয়ারম্যান আব্দুল মোমেন ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর নানা গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিয়েছেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এনসিএর সঙ্গে গতকালের বৈঠক। এর ফল স্বরূপ সংস্থাটি ১১ মিলিয়ন পাউন্ড মূল্যের একটি সম্পত্তি জব্দ করেছে, যার মালিক সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। এর পাশাপাশি মন্ত্রিপরিষদের সদস্য ও নিরাপত্তা বিশেষজ্ঞদের সাথে অন্য বৈঠকগুলোও খুব ফলপ্রসূ হয়েছে।”
যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রেস সচিব বলেন, ''ব্রিটেন আমাদের অনেক পুরানো বন্ধু। ব্রিটেনের সাথে আমাদের একটা দারুণ সম্পর্ক আছে। সেটারই আসলে মানে আমরা প্রতিফলন দেখতে পারছি গত কয়েকদিনে এই বৈঠকগুলোতে।”
