জাপানের সঙ্গে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর চুক্তি
এই চুক্তির আওতায় কী ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি বাংলাদেশ পাবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
দায়িত্বের শেষ সময়ে এসে এবার জাপানের সঙ্গে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরের চুক্তি সই করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
মঙ্গলবার ঢাকা সেনানিবাসে এই চুক্তি সই হওয়ার কথা পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ও জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান। আর জাপানের পক্ষে সই করেন ঢাকায় জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি।
আইএসপিআর বলছে, এই চুক্তির মাধ্যমে দুই দেশের ‘কৌশলগত অংশীদারত্ব ও দীর্ঘস্থায়ী বন্ধুত্ব’ নতুন উচ্চতায় উন্নীত হল।
তবে কী ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি বাংলাদেশ পাবে, সে বিষয়ে বিস্তারিত কিছু সেখানে বলা হয়নি।
সশস্ত্র বাহিনী বিভাগের সূত্রকে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সাল থেকে উভয় পক্ষের নিবিড় ও ধারাবাহিক প্রচেষ্টার ফলস্বরূপ এই চুক্তি সই হয়েছে।
“এই প্রতিরক্ষা চুক্তিটি দুই দেশের মধ্যে গভীর পারস্পরিক আস্থা, সমন্বিত দৃষ্টি, এবং সহযোগিতার প্রতিফলন, যা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দূরদর্শী ও কার্যকর কূটনীতির ফলে অর্জন করা সম্ভব হয়েছে বলে জানানো হয়।”
এই চুক্তি বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকীকরণ প্রক্রিয়াকে আরও বেগবান করবে বলে আশা প্রকাশ করছে আইএসপিআর।
জাতিসংঘ সনদের নীতির সঙ্গে সম্পূর্ণ সঙ্গতি রেখে এই চুক্তি হওয়ার কথা তুলে ধরে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় উন্নত প্রযুক্তি ও প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ এবং যৌথ গবেষণা ও উন্নয়নে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করবে।
“পাশাপাশি, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ও জাপানের কৌশলগত অংশীদারত্ব আরও গভীর হবে, যা আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
আইএসপিআর বলছে, “এই ঐতিহাসিক চুক্তিটি স্বাক্ষরের ফলে দুই দেশের মধ্যে সামরিক বিশেষজ্ঞ বিনিময় বৃদ্ধি পাবে, যা বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
“সেই সাথে উভয় দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক ও সামরিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করবে বলে ধারনা করা হয়।”
জাপান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যৌথভাবে নির্ধারিত প্রকল্প বাস্তবায়নের জন্য দুদেশের সরকারের মধ্যে ‘প্রতিরক্ষা সরঞ্জাম এবং প্রযুক্তি হস্তান্তরের’ বিষয়ে আইনি কাঠামো তৈরি হচ্ছে এই চুক্তির মাধ্যমে। এর আওতায় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় অবদান রাখা প্রকল্পও থাকবে।
সুনির্দিষ্ট হস্তান্তরের পরিমাণ নির্ধারণ ও নিশ্চিত করার প্রক্রিয়ার পাশাপাশি হস্তান্তরকৃত সরঞ্জাম ও প্রযুক্তির যথাযথ ব্যবহারের মৌলিক নীতিও এই চুক্তির মাধ্যমে ঠিক করার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, “এই চুক্তি দুদেশের মধ্যে হস্তান্তর হওয়া সরঞ্জাম ও প্রযুক্তির উপর যথাযথ নিয়ন্ত্রণ নিশ্চিত করবে। বিশেষ করে, তৃতীয় পক্ষ বা নির্দিষ্ট উদ্দেশ্যের বাইরে এর ব্যবহারের বিষয়ে। এই চুক্তির জাপান ও বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তির ক্ষেত্রে নিবিড় সহযোগিতার ক্ষেত্রে অবদান রাখবে।”
সামরিক খাতে কেনাকাটায় বেশ জোর দেওয়া মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তবর্তীকালীন সরকার ‘ইউরোফাইটার টাইফুন’ যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া অনেক দূর এগিয়ে নিয়েছে।
এই যুদ্ধবিমান কিনতে গত ৯ ডিসেম্বর ইতালীয় কোম্পানি লিওনার্দো এসপিএ ইতালির সঙ্গে আগ্রহপত্র সই করেছে বাংলাদেশ বিমানবাহিনী।
লিওনার্দো এসপিএ ইতালি, বিএই সিস্টেমস এবং এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস কোম্পানির কনসোর্টিয়াম ইউরোফাইটার জিএমবিএইচের অধীনে তৈরি ও বাজারজাত হয় ইউরোফাইটার।
ড্রোন নির্মাণে চীনের সঙ্গে সরকারি পর্যায়ে চুক্তি হয়েছে সম্প্রতি। এক্ষেত্রে মিরসরাই অর্থনৈতিক জোনে সেই কারখানা স্থাপনে জমি বরাদ্দের কথাও জানিয়েছে সরকার।
এর বাইরে পাকিস্তান থেকে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান কেনা, চীন থেকে জে-১০ সি যুদ্ধবিমান কেনা, দক্ষিণ কোরিয়া থেকে সাবমেরিন, তুরস্ক থেকে টি-১২৯ অ্যাটাক হেলিকপ্টার, যুক্তরাষ্ট্র থেকে ব্ল্যাক হক মাল্টিরোল হেলিকপ্টার এবং ৬৫০ কোটি টাকায় যুদ্ধজাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদের সক্ষমতা বাড়ানোর মত বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ে এসে প্রতিরক্ষা খাতে এতসব কেনাকাটার উদ্যোগ নিয়ে ইতোমধ্যে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সোমবার বলেন, “এটা চলমান প্রক্রিয়া।”
