১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্বাধীনতা দিবসে হচ্ছে কুচকাওয়াজ, প্রস্তুত হচ্ছে প্যারেড গ্রাউন্ড

একক ও যৌথ মহড়া পাশাপাশি মাঠের একটি বড় অংশজুড়ে প্যান্ডেল ও মঞ্চ বানানোর কাজ চলছে।

স্বাধীনতা দিবসে হচ্ছে কুচকাওয়াজ, প্রস্তুত হচ্ছে প্যারেড গ্রাউন্ড
প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজের প্রস্তুতি। ভিডিও থেকে নেওয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2026, 12:56 AM

Updated : 26 Aug 2026, 03:10 PM

স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে এবার কুচকাওয়াজ (প্যারেড) প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।

জাঁকজমকভাবে এ আয়োজন করতে রাজধানীর তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ার গ্রাউন্ডে চলছে জোর প্রস্তুতি। দিন কয়েক থেকে সেখানে বিভিন্ন সামরিক ও আধা সামরিক বাহিনীর সদস্যরা প্রস্তুতি নিচ্ছেন।

রোজার ঈদের আগেই প্রস্তুতি পর্ব এগিয়ে রাখতে একক ও যৌথ মহড়া পাশাপাশি মাঠের একটি বড় অংশজুড়ে প্যান্ডেল ও মঞ্চ বানানোর কাজ শুরু হয়েছে।

চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের সময়ে কুচকাওয়াজ বা প্যারেড প্রদর্শনী বন্ধ ছিল। এর আগে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপনে এ আয়োজন থাকত।

প্যারেড প্রদর্শনী ছাড়াও প্যারেড গ্রাউন্ডে হবে সমরাস্ত্র প্রদর্শনীও। এতে দেশের পাশাপাশি অন্য দেশের প্রতিনিধিদের অংশ নেওয়ার সম্ভবনার কথা বলেছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর বলছে, এবার কুচকাওয়াজের আয়োজন হবে বর্ণাঢ্য ঢংয়ে। 

কুচকাওয়াজে সশস্ত্র বাহিনীর সদস্যদের পাশাপাশি পুলিশসহ অন্য বাহিনীর সদস্যরাও অংশ নেন। একজন পুলিশ কর্মকর্তা বলেন, প্যারেডের জন্য তাদের দলগুলো নিয়মিত মহড়া করছে।

কুচকাওয়াজের জন্য যা যা করা প্রয়োজন সেগুলোর সব আয়োজনই থাকছে।

নাম প্রকাশ না করে তিনি বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এ অনুষ্ঠানে থাকবেন ধরে সূচি ও কর্মপরিকল্পনা সাজানো হচ্ছে।

মন্ত্রী পরিষদ সদস্য, তিন বাহিনী প্রধান, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও দেশে-বিদেশি অতিথিরা উপস্থিত থাকবেন।