প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতির মধ্যেই আরেক অংশেরও কর্মবিরতি
‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের’ অনুসারীরা এ কর্মসূচি ঘোষণা করেছেন।
বেতন বৃদ্ধি, উচ্চতর গ্রেড ও পদোন্নতি নিয়ে জটিলতা নিরসনের দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একাংশের কর্মবিরতির মধ্যেই তাদের আরেকটি অংশ বৃহস্পতিবার থেকে ‘লাগাতার কর্মবিরতি’ শুরুর ঘোষণা দিয়েছে।
‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের’ অনুসারীরা বুধবার রাতে এ কর্মসূচি ঘোষণা করেছেন।
কয়েক দিন আগে দশম গ্রেডে বেতনসহ তিন দাবিতে তারা আন্দোলন করছিলেন। পরে ১১তম গ্রেডে বেতনের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেন।
নতুন করে কর্মসূচির ব্যাপারে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের’ আহ্বাবায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, “অর্থ মন্ত্রণালয়ের আশ্বাস অনুযায়ী ৩ দফা দাবির মধ্যে ১১তম গ্রেডের প্রজ্ঞাপন জারি ও অন্যান্য দাবি বাস্তবায়নে কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় পূর্বঘোষিত ৩০ নভেম্বর থেকে লাগাতার কর্মবিরতি কর্মসূচি পরিবর্তন করে বৃহস্পতিবার থেকে পুনঃনির্ধারণ করা হয়েছে।
“অর্থাৎ বৃহস্পতিবার থেকে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের’ লাগাতার কর্মবিরতি কর্মসূচি শুরু হবে। অর্থ মন্ত্রণালয়ের কমিটমেন্ট অনুযায়ী আপাতত ১১তম গ্রেডসহ ৩ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি চলবে।”
গ্রেড ও পদোন্নতি নিয়ে জটিলতা নিরসনের তিন দাবি পূরণে মঙ্গলবার থেকে ‘তিন দিনের পূর্ণদিবস কর্মবিরতি’ পালন করছেন প্রাথমিকের শিক্ষকদের বারোটি সংগঠনের মোর্চা ‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’।
বৃহস্পতিবার পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি চলার কথা জানিয়েছেন এ মোর্চাভুক্ত সংগঠন ‘বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের’ সভাপতি শাহীনুর আল আমিন।
তিনি বলেন, “পূর্বঘোষিত কর্মসূচি অনুসারে কর্মবিরতি কর্মসূচি শুরু হয়েছে। সহকারী শিক্ষক এন্ট্রিপদে বেতন ১১তম গ্রেড নির্ধারণ, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড জটিলতা নিরসন এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা চেয়ে আমরা সরকারকে ১৫ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছিলাম। দাবি বাস্তবায়ন না হওয়ায় রোববার ও সোমবার অর্ধদিবস কর্মবিরতি পালন করেছি।
“আমরা ১১ ডিসেম্বরের পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি শুরু করব।”
গত ৮ নভেম্বর শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। 'প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের' ব্যানারে সেদিন বিকালে তারা ‘কলম বিরতি কর্মসূচি’ পালনে মিছিল নিয়ে শাহাবাগের দিকে এগিয়ে যাওয়া চেষ্টা করলে তাদের আটকে দেয় পুলিশ। সাউন্ড গ্রেনেড ও জলকামান, লাঠি চার্জ, কাঁদুনে গ্যাস প্রয়োগ করে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। সেসময় বেশ কয়েকজন আহত হন। এ ঘটনার প্রতিবাদে শিক্ষকরা পরদিন থেকেই কর্মবিরতি শুরু করেন।
পরে ১০ নভেম্বর অর্থ মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সভা করেন আন্দোলনরত শিক্ষকরা, যেখানে একাদশ গ্রেডে বেতন নির্ধারণ এবং উচ্চতর গ্রেড ও পদোন্নতির জটিলতা নিরসনে সরকারে আশ্বাস দিয়েছে জানিয়ে ওইদিন রাতে তারা কর্মসূচি প্রত্যাহার করেন৷
