দেশে ২ জন গ্রেপ্তারের পর লিবিয়ায় মুক্ত দুই অপহৃত বাংলাদেশি
যেখানে আটক রাখা হয়, সেখানকার নির্যাতনকারীরা সবাই বাংলাদেশি। আরও সাত বাংলাদেশিকে আটকে রেখে নির্যাতন করতে দেখেছেন ফিরে আসা এক ভুক্তভোগী।
চাকরির আশায় লিবিয়ায় গিয়ে ‘অপহরণ ও নির্যাতনের শিকার’ হওয়া দুই বাংলাদেশি ছাড়া পাওয়ার পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বলছে, দেশে দুইজনকে গ্রেপ্তার করে ‘চাপ প্রয়োগের’ মাধ্যমে তাদেরকে ছাড়াতে সক্ষম হয়েছেন তারা।
৪২ দিনের বন্দি দশা থেকে মুক্ত হওয়া দুই বাংলাদেশি হলেন - আলমগীর হোসেন (৪৫) ও সিরাজ উদ্দিন (৩৫)।
তাদের মধ্যে বুধবার দেশে ফিরেছেন আলমগীর। সিরাজকেও দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পুলিশের বিশেষ এ ইউনিটের ঢাকা মেট্রো উত্তরের অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান।
এ দুই বাংলাদেশিকে অপহরণের ঘটনায় মামলার তদন্তে নেমে তাদেরকে মুক্ত করার বিষয়ে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার ঢাকার আগারগাঁওয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন তিনি।
সংবাদ সম্মেলনে লিবিয়া থেকে ফিরে আসা আলমগীর বলেন, যেখানে তাদের আটকে রেখে নির্যাতন করা হয়, সেখানকার নির্যাতনকারীরা সবাই বাংলাদেশি।
সেখানে আরও সাতজন বাংলাদেশিকে আটকে রেখে নির্যাতন করতে দেখেছেন বলে তুলে ধরেন তিনি।
লিবিয়ার ত্রিপোলি জমাজৈতন এলাকার একটি ওয়ার্কশপ থেকে গত ৮ জানুয়ারি আলমগীর ও সিরাজের অপহরণ হওয়ার তথ্য দিয়ে পিবিআই কর্মকর্তা এনায়েত বলেন, “লিবিয়ার মিলিশিয়া গ্রুপ এবং বাংলাদেশি একটা চক্র জিম্মি নাটক করে বাংলাদেশে অবস্থানরত ভুক্তভোগীদের পরিবারকে ইমোতে লাইভে রেখে বিভিন্নভাবে শারীরিক নির্যাতন করে। তারা প্রত্যেকের পরিবারের কাছে ২২ লাখ টাকা করে মুক্তিপণ চায়।
“সেই অবস্থা থেকে বিভিন্ন পন্থা অবলম্বন করে তাদেরকে উদ্ধার করে নিয়ে এসেছি। গতকাল (বুধবার) আমরা আলমগীরকে রিসিভ করেছি।”
তার ভাষ্য, জিম্মি অবস্থায় অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রেখে তাদেরকে ‘প্রচণ্ড নির্যাতন’ করা হয়, কারণ অপহরণকারীদের ধারণা ছিল ‘যত করবে, তত বেশি টাকা পাবে’।
পিবিআই জানায়, দুই ভুক্তভোগীর পরিবারের লোকজনকে লাইভে রেখে শারীরিক নির্যাতন করে দ্রুত ‘মুক্তিপণ’ না দিলে ‘প্রাণে মেরে ফেলার’ হুমকিও দেওয়া হয়।
এমন প্রেক্ষাপটে গত ১৩ জানুয়ারি সিরাজের পরিবার অপহরণকারীদের দেওয়া ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টে দেড় লাখ টাকা পাঠায়।
এদিকে আলমগীরের বড় ভাই আব্দুল মালেক ঢাকার আদাবর থানায় একটি মামলা করেন।
সিরাজের পরিবারের পাঠানো টাকার সূত্র ধরে ৩০ জানুয়ারি রাজশাহী থেকে রাসেল হক (২৫) নামে একজনকে গ্রেপ্তার করার তথ্য দিয়ে পিবিআিই কর্মকর্তা এনায়েত বলেন, “রাসেলের লিবিয়া প্রবাসী মামা কামাল হোসেনের সাথে ভুক্তভোগীর পরিবার মুক্তিপনের টাকা লেনদেনের বিষয়ে বিভিন্ন সময়ে কথা বলেছেন। সিরাজের পরিবারের পাঠানো দেড় লাখ টাকার ব্যাংক স্লিপটিও কামাল হোসেন রাসেলের কাছে পাঠান।”
রাসেলের কাছ থেকে ‘বেশকিছু তথ্য’ পাওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, “দেড়লাখ টাকা পাঠানোর পরেও ভুক্তভোগীদের ওপর অত্যাচার থামেনি, বাধ্য হয়ে দুই পরিবার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে আরও চার লাখ টাকা পাঠায়।”
পরে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সহায়তায় পাঠানো টাকার সূত্র ধরে বাগেরহাটের মোড়লগঞ্জ থেকে ১৬ ফেব্রুয়ারি মিন্টু ফরাজী নামে আরেকজনকে গ্রেপ্তার করে পিবিআই। একইসাথে টাকাটা যেন ওঠাতে না পারে সেই অ্যাকাউন্টটা ‘অবরুদ্ধ’ করা হয়।
মিন্টুকে গ্রেপ্তারের মাধ্যমে ‘চাপ প্রয়োগ করতে সক্ষম’ হওয়ার দাবি করে পিবিআই কর্মকর্তা এনায়েত বলেন, “এর মাধ্যমে আমরা আসামি পক্ষকে লিবিয়াতে বাধ্য করি অপহরণ করাদের ছেড়ে দিতে। বাধ্য হয়ে অপহরণকারীরা জিনজিয়া নামের এলাকায় দুই ভিকটিমকে আহত ও অসুস্থ্য অবস্থায় ফেলে দিয়ে চলে যায়। পরে তারা সেখান থেকে তাদের পরিচিত জসীম নামে এক লোকের কাছে গিয়ে আশ্রয় নেন।”
পরে ব্র্যাক ও আইওএম এর সহায়তায় আলমগীরকে বাংলাদেশে নিয়ে আসা হয় এবং সিরাজকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।
এক প্রশ্নের জবাবে পুলিশের এই কর্মকর্তা বলেন, “এটা একটা চক্র। তারা কিছু লোককে ধরছে, আটক করছে, নির্যাতন করে টাকাপয়সা নিচ্ছে আবার ছেড়ে দিচ্ছে, আবার কিছু লোককে ধরছে।
“এই মামলার তদন্তে নেমে আমরা যতটুকু জেনেছি স্থানীয় মিলিশিয়াদের মাধ্যমে বাংলাদেশিদের নিয়ে যাওয়া হয়। তবে তাদের সঙ্গে জনশক্তি রপ্তানির কোনো প্রতিষ্ঠানের যোগসাজস এখনও পাইনি।”
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আলমগীর বলেন, তিনি ২০২২ সালের অক্টোবরে লিবিয়াতে গিয়েছিলেন। প্রথমে চাকরি করলেও পরে নিজেই ওয়ার্কশপের দোকান দেন। যেখান থেকে চলতি বছরের ৮ জানুয়ারি তার সহকর্মী সিরাজসহ তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। পরে টানা নির্যাতনের পর ১৯ ফেব্রুয়ারি তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
তিনি বলেন, সকাল বেলা দোকান খোলার প্রস্তুতির সময় মিলিশিয়ার লোকজন তাদের দুইজনকে গাড়িতে উঠিয়ে চোখ বেঁধে নিয়ে যায়। এসময় তাদের পাসপোর্টও নিয়ে নেওয়া হয়।
তিনি বলেন, “একটা বাগানে নিয়া যায়, এরপর আমাদের চোখ খুইলা দেয়। প্রথমে ইতালিতে লোক পাঠাস বলে আমারে অনেকক্ষণ মারধর কইরা চলে যায়। পরের দিন আবার এসে মারছে। এর পরদিন বাংলা মাফিয়ার কাছে বিক্রি করে দিছে।”
তারপর তাদেরকে একটি ক্যাম্পে নিয়ে টানা নির্যাতন করার কথা তুলে ধরে তিনি বলেন, “প্রতিদিন তিনবার করে মারধর করত। ভোররাতে উঠায়ে বাড়িতে কল দিতে বলত। টাকা দিতে বলত, ফ্যামিলি টাকা ম্যানেজ করতে পারে না, আর আমাদের নির্যাতন করত।”
