২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে জঙ্গিবাদের উত্থান ঘটেনি, সম্ভাবনাও নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

"জনদুর্ভোগ নিরসন ও থানার সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে রাজধানীর থানাগুলোকে নিজস্ব জায়গায় স্থানান্তর করা হবে।"

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2025, 04:55 PM

Updated : 26 Aug 2026, 12:25 PM

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়া পর থেকে দেশে কোনো ধরনের জঙ্গিবাদের উত্থান ঘটেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, "এ ধরনের কোনো সম্ভাবনাও নেই।"

বুধবার দুপুরে ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য রাজধানীর খিলক্ষেত, ভাটারা, বাড্ডা, রামপুরা, হাতিরঝিল ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘সন্তোষজনক’ বর্ণনা করে তিনি বলেছেন সেটি আরও উন্নতির অবকাশ রয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে আরও ভালোর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।"

থানা নিয়ে তিনি বলেন, "জনদুর্ভোগ নিরসন ও থানার সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে রাজধানীর থানাগুলোকে নিজস্ব জায়গায় স্থানান্তর করা হবে।"

রাজধানীর বেশ কয়েকটি থানা, ভাড়া ভবনে কার্যক্রম চালাচ্ছে জানিয়ে বলেন, "এতে একদিকে যেমন জনগণের সমস্যা হচ্ছে, অন্যদিকে থানাগুলোও কাঙ্ক্ষিত মানের সেবা দিতে পারছে না। আমরা যত তাড়াতাড়ি সম্ভব থানাগুলোকে নিজস্ব জায়গায় ভবন নির্মাণ করে স্থানান্তরের চেষ্টা করছি।"

ভালো জায়গায় থানা হলে জনগণের যেমন সুবিধা হবে, তেমনি থানাগুলো আরও সক্রিয় হবে ও কার্যক্রম চালাতে সুবিধা হবে বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

ঈদে সবাই ছুটিতে যায় কিন্তু আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা ছুটিতে না গিয়ে সজাগ রয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, "জনগণের জানমাল রক্ষাসহ সার্বিক নিরাপত্তা বিধানে তারা নিরলস দায়িত্ব পালন করে যাচ্ছে ফলে সাধারণ জনগণ নিশ্চিন্তে ঘুমাতে পারছে।"

কোনো নিরীহ ও নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হয় সেজন্য পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

তিনি  বলেন, "কোনো সন্ত্রাসী ও অপরাধী যেন ছাড় না পায়। যারা দুষ্কৃতিকারী তাদের কোনো ছাড় দেওয়া হবে না।"