১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কোর অব ইঞ্জিনিয়ার্সের কর্নেল কমান্ড্যান্টে খেতাবে অভিষিক্ত সেনা প্রধান

নবম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হওয়ার পর জেনারেল ওয়াকার-উজ-জামান বার্ষিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত কোর অব ইঞ্জিনিয়ার্সের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য দেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2025, 08:49 PM

Updated : 26 Aug 2026, 02:33 PM

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে কোর অব ইঞ্জিনিয়ার্সের নবম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত করা হয়েছে।

রোববার নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৫ এবং ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং (ইসিএসএমই)-এর কোর অব ইঞ্জিনিয়ার্সের নবম কর্নেল কমান্ড্যান্টের অভিষেক অনুষ্ঠান হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সেনা প্রধান প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান হয়।

নবম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হওয়ার পর জেনারেল ওয়াকার-উজ-জামান বার্ষিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত কোর অব ইঞ্জিনিয়ার্সের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য দেন। 

কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, "বক্তৃতায় সেনাবাহিনী প্রধান মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী কোর অব ইঞ্জিনিয়ার্স এর সেনানীসহ সকল বীর মুক্তিযোদ্ধাকে স্মরণ করেন। তিনি দেশ ও জাতি গঠনে কোর অব ইঞ্জিনিয়ার্স এর গৌরবোজ্জ্বল ঐতিহ্য তুলে ধরেন এবং দেশমাতৃকার সেবায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।"

‘সততা, সত্যনিষ্ঠা ও কর্তব্যবোধে’ ব্রতী হয়ে উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে দেশগঠনে কোর অব ইঞ্জিনিয়ার্সের ‘প্রশংসনীয় ভূমিকা’ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সেনাপ্রধান আশা প্রকাশ করেন।

বিভিন্ন পর্যায়ের সেনা কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।