রিমান্ডে আনিস-সালমান, নতুন মামলায় গ্রেপ্তার আমু-ইনু-মেননসহ ১১ জন
তদন্ত কর্মকর্তার আবেনের শুনানি নিয়ে বুধবার ঢাকার মহানগর হাকিম মেহেরা মাহবুব এ আদেশ দেন।
জুলাই আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডিতে এক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং আওয়ামী লীগের কর্মী নুরু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
এছাড়া যাত্রাবাড়ী থানার বিভিন্ন মামলায় আনিসুল হক, আনিসুল হক, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেননসহ ১১ জনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত
তদন্ত কর্মকর্তার আবেনের শুনানি নিয়ে বুধবার ঢাকার মহানগর হাকিম মেহেরা মাহবুব এ আদেশ দেন।
গ্রেপ্তার দেখানো অন্য আসামিরা হলেন-সাবেক মন্ত্রী কামরুল ইসলাম, প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক এমপি মনিরুল ইসলাম মনু, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেত্রী রজনী আক্তার টুসী।
মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী এসব তথ্য নিশ্চিত করেন।
ধানমন্ডিতে রিয়াজ হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, নুরু মিয়া এবং সোহানুর রহমান আজাদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মুহাম্মদ কামরুজ্জামান সিকদার।
আদালত প্রথমে আসামিদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এর চার আসামির রিমান্ডের বিষয়ে শুনানি হয়।
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। সোহানুর রহমান আজাদের পক্ষে তার আইনজীবী জহিরুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।
অপর আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন। তবে তারা শুনানি করেননি। পরে আদালত সোহানুর রহমান আজাদ বাদে অপর তিন আসামির দুই দিন করে রিমান্ডের আদেশ দেন। সোহানুর রহমান আজাদের রিমান্ডের বিষয়ে আদালত পরে আদেশ দিবেন বলে জানিয়েছেন।
গ্রেপ্তার দেখানো আসামিদের মধ্যে আমুকে এক হত্যাচেষ্টা মামলায়, ইনু ও মেননকে একটি হত্যাচেষ্টা এবং দুটি হত্যা মামলায়, পলককে একটি হত্যাচেষ্টা এবং একটি হত্যা মামলায়, মনিরুল ইসলাম মনুকে দুইটি হত্যা মামলায়, কামরুল ইসলাম ও আতিকুল ইসলামকে একটি হত্যাচেষ্টা মামলায়, জাহাঙ্গীর আলম ও টুসীকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েঝে। এই সবগুলো মামলা যাত্রাবাড়ি থানার।
রিয়াজ হত্যা মামলার অভিযোগে বলা হয়েছে গত ৪ অগাস্টে রাজধানীর ধানমন্ডির সাইন্স ল্যাব এলাকা থেকে জিগাতলা এলাকায় যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে আহত হন মো. রিয়াজ (২৩)।
দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর ১৭ আগাস্ট বিকালে মারা যান তিনি। এ ঘটনায় নিহতের মা শাফিয়া বেগম ৯ সেপ্টেম্বর ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা করেন।
