২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগ দিতে দুবাই গেলেন প্রধান উপদেষ্টা

১১-১৩ ফেব্রুয়ারি এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগ দিতে দুবাই গেলেন প্রধান উপদেষ্টা
ছবি: পিআইডি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2025, 08:15 PM

Updated : 26 Aug 2026, 11:48 AM

ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগ দিতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সংযুক্ত আরব আমিরাতের দুবাই রওনা হয়েছেন। 

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, “বুধবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা যাত্রা করেছেন।”

দুইদিনের সফর শেষে শুক্রবার প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।  

রোববার এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম বলেছিলেন, সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

এ সম্মেলনে অংশ নেওয়া রাজনৈতিক ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাতের সম্ভাবনার কথাও বলেন তিনি।

মুখপাত্র বলেন, ১১-১৩ ফেব্রুয়ারি দুবাইতে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট-২০২৫ অনুষ্ঠিত হবে। 

এই অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়ে গত ১৩ জানুয়ারি প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণপত্র পাঠান সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম।

ওই সম্মেলন সম্পর্কে তিনি বলেন, ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের নেতৃত্বে ২০১৩ সালে গঠিত সরকারসমূহের অভিজ্ঞতা বিনিময়ের একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম।

এবারের সম্মেলন সরকারগুলোর মধ্যে কার্যকরী অংশীদারত্ব ও বৈশ্বিক মতবিনিময় এবং সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরিতে উদ্যোগ অব্যাহত রাখবে বলে মন্তব্য করেন রফিকুল আলম।

রফিকুল আলম বলেন, সম্মেলনের বিভিন্ন অধিবেশনে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, আন্তর্জাতিক বিষয়ক সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।