Published : 02 Jun 2026, 07:51 PM
রাজধানীর ধানমন্ডিতে প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের জানাজা শেষে তার মরদেহ ঘিরে স্লোগান দেওয়ার ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগের ছয়জনকে কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা খন্দকার আন্না মঙ্গলবার শুনানি নিয়ে তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ লিটন মিয়া এ তথ্য দিয়েছেন।
কারাগারে যাওয়া আসামিরা হলেন- ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ ওরফে মধু, কালীগঞ্জ থানা ছাত্রলীগের সহ-সভাপতি মো. স্বাধীন ইসলাম, ধামরাই যুবলীগের সদস্য হাসিবুল হোসেন ওরফে লিটন মোল্লা, দৌলতপুর আওয়ামী লীগের সদস্য ইফতেখার আহমেদ সবুজ, পটুয়াখালী যুবলীগের সদস্য খোকন ফরাজী ও মনপুরা থানা যুবলীগের সদস্য মাকসুদুর রহমান বাবলু।
সোমবার ধানমন্ডির তাকওয়া মসজিদে তোফায়েল আহমেদের জানাজা হয়েছে। জানাজার পর তার মরদেহবাহী গাড়ির ‘পথ আটকে স্লোগান ও বিশৃঙ্খলা’ সৃষ্টির অভিযোগে শুরুতে সাতজনকে আটকের তথ্য দেয় পুলিশ। তবে ধানমন্ডি মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ছয়জনকে গ্রেপ্তারের তথ্য দিয়ে বলা হয়েছে, অন্যরা পালিয়ে গেছে।
মঙ্গলবার ওই ছয়জনকে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার এসআই মাহমুদুর রহমান।
মামলায় অভিযোগ করা হয়, সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ধানমন্ডির তাকওয়া মসজিদে সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের জানাজায় অংশ নিতে ‘নিষিদ্ধ সংগঠন’ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ২০০ নেতাকর্মী জড়ো হন। জানাজা শেষে তারা ‘জয়বাংলা’ স্লোগান ও ‘সরকারবিরোধী স্লোগান’ দিয়ে মিছিল শুরু করেন।
এ ঘটনায় ধানমন্ডি মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন এ থানার এসআই মিঠুন সিংহ।