২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অধিবেশন কক্ষে খাওয়া যাবে? স্পিকারের মন্তব্যে সংসদে প্রশ্ন

স্পিকার পেছনের সারির একজন সংসদ সদস্য কী খাচ্ছেন বা পান করছেন তা জানতে চান। এরপর তা নিয়ে কথা বলেন।

অধিবেশন কক্ষে খাওয়া যাবে? স্পিকারের মন্তব্যে সংসদে প্রশ্ন
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2026, 12:16 AM

Updated : 26 Aug 2026, 03:27 PM

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে বসে খাওয়া বা পান করা যাবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের এক মন্তব্যকে ঘিরে।

মঙ্গলবার অধিবেশন চলাকালে স্পিকার পেছনের সারির একজন সংসদ সদস্য কী খাচ্ছেন বা পান করছেন তা জানতে চান। এরপর বিষয়টি সামনে আসে।

ওই সময় কার্যপ্রণালী বিধির ৭১ অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে গৃহীত না হওয়া নোটিসের ওপর সদস্যরা দুই মিনিট করে বক্তব্য দিচ্ছিলেন।

তখন অধিবেশন কক্ষের এক সদস্যকে লক্ষ্য করে স্পিকার বলেন, “মাননীয় সদস্য- লাস্ট বাট ওয়ান রো ফোর্থ ফ্রম লেফট, স্যুট পড়া; এখান থেকে ভালোভাবে দেখতে পাচ্ছি না। না, না আপনার সামনে- আপনার সামনে স্যুট পড়া আপনি কি খাচ্ছেন? চা খাচ্ছেন ওখানে- ড্রিংকিং সামথিং। 

“সরি, ওষুধ খাচ্ছেন? গরম পানি খাচ্ছেন। আচ্ছা আমি দেখে ভাবলাম, চা খাচ্ছেন। পরবর্তীতে… আরও কি খাবেন, গড নোজ।”

ওই সংসদ সদস্য জবাবে বলেন, তিনি গরম পানি পান করছিলেন। তবে তার পরিচয় তাৎক্ষণিকভাবে বোঝা যায়নি।

জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধিতে অধিবেশন কক্ষে বসে খাওয়া-দাওয়ার বিষয়ে আলাদা করে সুনির্দিষ্ট কোনো বিধান নেই।

তবে ৩১১ নম্বর বিধিতে বলা আছে, সংসদ কক্ষটি অধিবেশন ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না।

এদিন খাওয়া-দাওয়ার এ প্রসঙ্গ ওঠার পর স্পিকারও এ বিষয়ে আর কিছু বলেননি।