১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নতুন দল নিবন্ধন: মাঠ পর্যায়ের তদন্ত প্রতিবেদন অগাস্টেই চায় ইসি

মাঠ পর্যায় থেকে তদন্ত প্রতিবেদন আসার পর নিবন্ধন প্রক্রিয়ার পরের ধাপ শুরু হবে, বলছে নির্বাচন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2025, 09:40 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

নতুন রাজনৈতিক দল নিবন্ধনের প্রক্রিয়ায় টিকে থাকা ২২টি দলের মাঠ পর্যায়ের তদন্ত প্রতিবেদন ৩১ অগাস্টের জমা দিতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।

এসব দলের জেলা ও উপজেলা কার্যালয়ের অস্তিত্ব ও কার্যক্রম সরেজমিন যাচাই করে প্রতিবেদনটি তৈরি করতে বলা হয়েছে।

সোমবার ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন মাঠপর্যায়ে এ সংক্রান্ত চিঠি পাঠান। 

চিঠিতে বলা হয়েছে, প্রতিবেদন তৈরিতে জেলা পর্যায়ে জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা বা অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। 

“তারা নির্ধারিত চেকলিস্ট পূরণ করে সব কাগজপত্রে পৃষ্ঠা নম্বর দিয়ে সিলগালা করে বিশেষ খামে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে পাঠাবেন।”

এরপর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সেগুলো ‘গোপনীয়ভাবে’ নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাতে বলা হয়েছে। 

একইভাবে উপজেলা পর্যায়ে তদন্ত প্রতিবেদন তৈরি করবেন সেখানকার নির্বাচন কর্মকর্তারা। তারাও চেকলিস্ট পূরণ করে কাগজপত্র সিলগালা করে জেলা পর্যায়ে পাঠাবেন। জেলা নির্বাচন কর্মকর্তারা সেগুলো পাঠাবেন নির্বাচন কমিশন সচিবালয়ে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, মাঠ পর্যায়ের এ তদন্ত প্রতিবেদন পাওয়ার পর নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়ার পরবর্তী ধাপ শুরু হবে। 

তথ্য ঘাটতি পূরণে এবার আবেদন করা ১৪৩টি দলকেই চিঠি দেওয়া হয়েছিল। এরমধ্যে  ১২১টি দলের নিবন্ধন আবেদন মঞ্জুর হয়নি। আর ২২টি দলের নিবন্ধন চূড়ান্ত করতে মাঠ পর্যায়ে তদন্ত করছে ইসি।

আইন অনুযায়ী, নিবন্ধন পেতে আগ্রহী দলের একটি কেন্দ্রীয় কমিটি, এক তৃতীয়াংশ জেলা ও ১০০টি উপজেলা কমিটি থাকতে হবে। প্রতিটি কমিটিতে কমপক্ষে ২০০ ভোটারের সমর্থনের প্রমাণও থাকতে হয়। 

আরও পড়ুন

নিবন্ধনযে ২২ নতুন দলের মাঠের তথ্য যাচাই হবে