Published : 17 Apr 2026, 05:17 PM
রাজধানীর মিরপুরের বর্ধনবাড়ী এলাকায় তিন মাস বয়সের এক শিশুকে ‘মুখচেপে’ হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার ভোরে এ ঘটনার পর শিশুর সৎবাবাকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন দারুসসালাম থানার ওসি এস এম জাকারিয়া।
তিনি বলেন, “তিন মাস বয়সি ছেলে শিশুটি তার মায়ের পাশে বিছানায় ঘুমিয়ে ছিল। শুক্রবার ভোর বেলায় শিশুটি কান্নাকাটি করতে থাকলে তার সৎ বাবা অপূর্ব স্ত্রীকে বলতে থাকেন ‘বাচ্চার কান্না থামা, নাইলে মাইরালামু’। কিন্তু বাচ্চার কান্না থামছিল না।
“পরে অপূর্ব শিশুটির মুখ চেপে ধরে; এতে শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়।”
ওসি বলেন, “পরে শিশুটির মা রাজিয়া খাতুনের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে অপূর্বকে আটক করে পুলিশকে খবর দেয়।”
ঘটনার পর শিশুটির মা রাজিয়া খাতুন অপূর্বকে আসামি করে মামলা করেছেন।
পুলিশ বলছে, প্রাথমিকভাবে জানা গেছে শিশুটির বাবা মাদক মামলায় কারাগারে রয়েছেন। এমন পরিস্থিতিতে সপ্তাহখানেক আগে মাদক ব্যবসায়ী অপূর্বকে বিয়ে করেন তার মা রাজিয়া।