নাম ছাড়া আর কিছুই জানে না ছেলেটি
বাড়ি কোথায়, যাবে কোথায়, কীভাবে বাংলাদেশে- এসবের কিছুই বলতে বা লিখতেও পারে না সে।
বারো-তেরো বছরের ছেলেটি কেবল নিজের আর মা-বাবার নামটাই বলতে পারে; কোথায় বাড়ি, যাবে কোথায়, জানে না এসবের কিছুই।
‘শোরিয়া বোসিস্ট’ নামের শিশুটিকে মঙ্গলবার ঢাকার উত্তরখানে পাওয়ার পর স্থানীয় লোকজন পুলিশের কাছে নিয়ে যায়। এরপর পুলিশ দ্বারস্থ হয়েছে আদালতের।
উত্তরখান থানা পুলিশ বুধবার শিশুটিকে নিরাপদ হেফাজতে রাখার আবেদন করলে ঢাকার মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তাকে মিরপুর সরকারি শিশু পরিবারে পাঠানোর আদেশ দিয়েছেন।
পুলিশ বলছে, বাংলায় কথা বলতে পারে না ছেলেটি। ইংরেজি সামন্য বলতে ও লিখতে পারে। কোনোকিছু জিজ্ঞাসা করলে ইংরেজিতে বলছে ‘জানি না’। বাবার নাম বলেছে ডনি, মায়ের নাম অ্যাশলি। বাবা লন্ডনে আর মা আমেরিকায়- এতটুকুই তথ্য মিলেছে তার কাছ থেকে।
তাকে আদালতে নিয়ে যাওয়া উত্তরখান থানার পুলিশ সদস্য মো. শাহিন বলেন, ছেলেটা উত্তরখানের মাজার এলাকায় এদিক-সেদিক হাঁটতেছিল। এলাকার লোকজন তাকে ধরে নাম জিজ্ঞাসা করে, পরিচয় জানতে চায়। কিন্তু সে কোনো কথা বলতে পারে না।
“এলাকার লোকজন ওকে থানায় নিয়ে আসে। পরে আমাদের ওসি স্যার ওর নিরাপদ হেফাজতের জন্য আদালতে পাঠিয়েছে।”
শিশু সুরক্ষা নিয়ে কাজ করা শাহিন আলম নামে একজন বলেন, শিশুটিকে বুধবার প্রবেশন অফিসারের কার্যালয়ে নেওয়া হয়। বাংলায় কথা বলতে পারে না। ইংরেজিতে কথা বলেছে।
“দুয়েকটা বেসিক বিষয়ে জিজ্ঞাসা করেছি। তার নাম, বাবা-মায়ের নাম, ঠিকানা কী- জানতে চেয়েছি। তার নাম আর বাবা-মায়ের নাম বলতে পারে। তবে ঠিকানা বা মোবাইল নম্বর বলতে পারেনি। ওকে মিরপুর সরকারি শিশু পরিবারে পাঠানো হয়েছে।”
শিশুটিকে নিরাপদ হেফাজতে রাখার পুলিশের আবেদনে বলা হয়, উত্তরখান থানা এলাকায় সে ঘোরাফেরা করছিল। স্থানীয় লোকজন তার নাম-ঠিকানা জানতে চাইলে কোনো কথা বলতে পারেনি। পরে লোকজন তাকে উত্তরখান থানায় নিয়ে যায়। পরে তার পরিচয় শনাক্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালানো হয়।
পুলিশ আবেদনে বলেছে, কোনো কিছু জিজ্ঞাসা করলে সে বলছে (ইংরেজিতে) ‘জানি না’। কোনো কথা বলে না, বোঝেও না। ইংরেজি সামান্য বোঝে, সামান্য লিখতে পারে। বাড়ি কোথায়, যাবে কোথায়, থাকত কোথায়- এসবের কিছুই বলতে বা লিখতে পারে না।
