Published : 03 Jul 2026, 08:13 PM
জুলাই অভ্যুত্থান ঘিরে বিভিন্ন মামলায় এজাহারভুক্ত ও যাদের বিরুদ্ধে তদন্ত চলছে, এমন পুলিশ ও তার বিশেষায়িত বাহিনী র্যাব এবং বিজিবি সদস্যদের বিরুদ্ধে প্রচলিত আইন ও সার্ভিস রুলস অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হাই কোর্টে রিট আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার আদালতের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান জুলফিকার আলী জুনু।
রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), র্যাব মহাপরিচালক ও বিজিবি মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।
আইনজীবী জুনু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামি বা তদন্তের আওতায় থাকা কর্মকর্তাদের অনেকেই এখনো বিভিন্ন ইউনিটে স্বপদে বহাল আছেন।
“এজাহারভুক্ত আসামিরা যদি পুলিশ, বিজিবি বা র্যাবের মতো বাহিনীগুলোর নিজ নিজ পদে কর্মরত থাকেন, তাহলে মামলার তদন্ত কাজে ব্যাঘাত ঘটার আশঙ্কা থাকে।”
তিনি বলেন, “জুলাইয়ের ঘটনায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজের বিপরীতে যেসব কর্মকর্তা অতিরিক্ত বা বিশেষ ভাতা গ্রহণ করেছিলেন, তাদের অনেকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বর্তমানে এসব মামলার বড় একটি অংশ তদন্তাধীন রয়েছে।”
রিটের বিষয়ে এই আইনজীবী বলেন, “যতক্ষণ পর্যন্ত তদন্তটা হবে না, ততক্ষণ এজাহারভুক্ত যারা আসামি আছে, তাদেরকে যেন সাময়িক বরখাস্ত করা হয় সার্ভিস রুলস অনুযায়ী, এটার নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে।”
আগামী সপ্তাহে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায়ের হাই কোর্ট বেঞ্চে এ রিটের ওপর শুনানি হতে পারে বলে তথ্য দেন তিনি।