২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

গাছ উপহার দেওয়ার সংস্কৃতি গড়ে তুলতে হবে: সানিডেইল শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

ডেঙ্গুর থেকেও শিক্ষার্থীদের সর্তক থাকতে বলেছেন তারেক রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Sep 2026, 11:27 PM

Updated : 19 Sep 2026, 02:26 PM

শিক্ষার্থীদের জন্মদিনসহ বিভিন্ন আয়োজনে গাছ উপহার দেওয়ার সংস্কৃতি গড়ে তোলার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বলেন, “আমরা দেশের পরিবেশ সুন্দর ও সবুজ করতে ২৫ কোটি বৃক্ষ রোপণের উদ্যোগ নিয়েছি। এই উদ্যোগে তোমাদেরও অংশগ্রহণ করা উচিৎ। পরিবেশ ঠিক রাখতে তোমাদের বাসা, শিক্ষাপ্রতিষ্ঠান এমনকি তোমাদের আত্মীয় স্বজনদের বাসার আশপাশেও গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে।

“যে কোনো বিশেষ আয়োজন, সেটা তোমাদের জন্মদিন কিংবা অন্য কোনো বিশেষ দিন উপলক্ষে একে অন্যকে গাছ উপহার দিতে পারো। এভাবে গাছ উপহার দেওয়ার সংস্কৃতি গড়ে তুলতে হবে।”

জাতীয় সংসদ ভবনের কার্যক্রম দেখতে বুধবার বিকালে আসা ঢাকার সানিডেইল স্কুলের শিক্ষার্থীরা পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় সরকার প্রধান শিক্ষার্থীদের এসব কথা বলেন বলে তথ্য দেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা।

বিদেশের পরিচ্ছন্ন পরিবেশের উদাহরণ দিয়ে তারেক রহমান বলেন, “তোমাদের মধ্যে যারা বিদেশে গেছে, তারা নিশ্চয়ই দেখেছ সেখানকার পরিবেশ কতটা পরিচ্ছন্ন। আমাদের দেশকেও পরিচ্ছন্ন রাখতে হবে।

“মানুষকে যত্রতত্র ময়লা ফেলা থেকে বিরত রাখতে তোমরাও সহযোগিতা করবে। যদি দেখ তোমাদের বন্ধু বা স্বজনদের কেউ পরিবেশ নোংরা করছে বা রাস্তায় ময়লা আবর্জনা ফেলছে, তাদের বারণ কবে। নিজে ময়লাগুলো নির্দিষ্ট ডাস্টবিনে ফেলে দেবে।”

ডেঙ্গুর থেকেও শিক্ষার্থীদের সর্তক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “সেপ্টেম্বর থেকে পরবর্তী তিন মাস ডেঙ্গুর ঝুঁকি বেশি থাকে। তাই আগে থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে।

“তোমাদের নিজেদের বাসা ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকেও খেয়াল রাখবে। তোমরা ডেঙ্গুর থেকে সর্তক থাকবে।”

এর আগে বুধবার বিকালে সানিডেইল স্কুলের ছাত্র-ছাত্রীরা সংসদের গ্যালারিতে বসে অধিবেশন কার্যক্রম দেখেন। পরে সংসদ ভবনে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে সমবেত হয়ে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পান। তারেক রহমান শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন  এবং তাদের লেখাপড়া ও স্বাস্থ্যের খোঁজ নেন।