১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

স্থানীয় নির্বাচন: ভোটার এলাকা বদলের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত

স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে হলে অবশ্যই তাকে সংশ্লিষ্ট এলাকার ভোটার হতে হবে।

বিশেষ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2026, 02:20 PM

Updated : 17 Sep 2026, 02:53 AM

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটার এলাকা পরিবর্তন করতে চাইলে ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। 

এসব আবেদন ১০ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তির জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী বুধবার এ তথ্য জানান।

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ইতোমধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করেছে ইসি। সে অনুযায়ী দেশে মোট ভোটার আছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।

চলতি মাসে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার প্রস্তুতি চলছে। বছর শেষে ইউনিয়ন পরিষদের মাধ্যমে ভোট শুরু হতে পারে। ভোটার তালিকা মুদ্রণের আগে ভোটার স্থান্তান্তরের কাজ চলছে।

স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে হলে অবশ্যই তাকে সংশ্লিষ্ট এলাকার (সিটি/উপজেলা/ জেলা/ইউনিয়ন/পৌরসভার) ভোটার হতে হবে।

ইসি কর্মকর্তা নাসির উদ্দিন চৌধুরী বলেন, “ভোটার এলাকা স্থানান্তরের জন্য ইতোমধ্যে স্ব স্ব নির্বাচন অফিসে বেশ কিছু আবেদন জমা পড়েছে। এটা চলমান প্রক্রিয়া। স্থানীয় নির্বাচনকে সামনে রেখে নতুন করে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ও নিষ্পত্তির জন্য সময় বেঁধে দেওয়া হল।”

মাঠপর্যায়ে পাঠানো ইসির চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন দাখিল, ইস্যু ও নিষ্পত্তির জন্য সময় নির্ধারণ করা হয়েছে।

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন দাখিলের শেষ তারিখ ৭ সেপ্টেম্বর। দাখিল করা আবেদন ইস্যুর শেষ তারিখ ৯ সেপ্টেম্বর এবং আবেদন নিষ্পত্তির শেষ তারিখ ১০ সেপ্টেম্বর।

ভোটার স্থানান্তরের জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-১৩ ব্যবহার করতে হয়। এ জন্য কোনো ফি দেওয়া লাগবে না।

তবে আগামীতে ভোটার স্থানান্তর অনলাইনে আবেদন করার পাশাপাশি ফি দেওয়ার বিধানও যুক্ত হতে যাচ্ছে। 

পুরনো খবর

সামনে স্থানীয় সরকারের ভোট, দেশে ভোটার এখন প্রায় ১২ কোটি ৮৮ লাখ

ভোটার এলাকা স্থানান্তর অনলাইনে, সঙ্গে দিতে হবে ফি: ইসি

এনআইডির বয়স সংশোধনের আবেদন নিষ্পত্তি হবে মাঠ পর্যায়েই: ইসির পরিপত্র

ভোটার স্থানান্তর নিয়ে বিএনপির নালিশ, ঢাকায় এবার কত?

ভোটার এলাকা পরিবর্তন করবেন যেভাবে