২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

‘জাতীয় সংস্কারক’ উপাধি ইউনূস চাননি: প্রধান উপদেষ্টার কার্যালয়

“রিট আবেদনে কীসের ভিত্তিতে এ ধরনের নির্দেশনা চাওয়া হয়েছে, তাও পরিষ্কার নয়,” বলা হয় বিবৃতিতে।

‘জাতীয় সংস্কারক’ উপাধি ইউনূস চাননি: প্রধান উপদেষ্টার কার্যালয়
প্রধান উপদেষ্টার কার্যালয়। ফাইল ছবি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2025, 05:57 PM

Updated : 26 Aug 2026, 01:23 PM

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ‘জাতীয় সংস্কারকের’ মত কোনো উপাধি চাননি বলে তার কার্যালয় থেকে বলা হয়েছে। 

ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ও চব্বিশের অভ্যুত্থানে নিহতদের ‘জাতীয় বীর’ ঘোষণা চেয়ে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সরকারপ্রধানের দপ্তর থেকে এ বক্তব্য এল। 

গত ফেব্রুয়ারিতে রিট আবেদনটি করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ইমদাদুল হক। 

ওই রিট আবেদনের প্রাথমিক শুনানিতে সোমবার বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন বেঞ্চ রুল জারি করে।

রুলে আদালত জানতে চেয়েছে, জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ ও ওয়াসিমসহ অন্যদের কেন ‘জাতীয় বীর’ ঘোষণা করা হবে না।

আন্দোলনে শহীদদের ‘প্রকৃত ও নির্ভরযোগ্য’ তালিকা করে তা গেজেট আকারে প্রকাশের নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, হাই কোর্টের রুলের বিষয়টি সরকারের নজরে এসেছে। সরকার আদালতের আদেশ পাওয়ার পর রুলের জবাব দেবে। 

বিবৃতিতে বলা হয়, “সরকার স্পষ্ট করে বলতে চায়, অধ্যাপক ইউনূসের এ ধরনের কোনো উপাধি পাওয়ার ইচ্ছা নেই এবং সরকারও এ ধরনের উপাধি দেওয়ার পরিকল্পনা করছে না।

“রিট আবেদনটি ব্যক্তিগত জায়গা থেকে করা হয়েছে বলেই প্রতীয়মান হয়েছে। এছাড়া কীসের ভিত্তিতে এ ধরনের নির্দেশনা চাওয়া হয়েছে, তাও পরিষ্কার নয়।”

বিষয়টি অ্যাটর্নি জেনারেলের দপ্তর থেকে দেখভাল করা হবে বলেও বিবৃতিতে জানানো হয়।

পুরনো খবর

আবু সাঈদ-মুগ্ধদের 'জাতীয় বীরঘোষণা কেন নয়হাই কোর্ট