সাবেক এমপি গোলাপ এবার মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার
মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৪ মে।
জুলাই আন্দোলনে সময় মাদারীপুরে একটি হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মাদারীপুর-৩ আসনের সাবেক এমপি আবদুস সোবহান মিয়া গোলাপকে গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।
এদিন সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে সাবেক এই সংসদ সদস্যকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ।
তিনি মাদারীপুরে হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের এই নেতাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
শুনানি শেষে ট্রাইব্যুনাল তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
একইসঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৪ মে দিন ধার্য করা হয়।
সরকারের পতনের পর ২০২৪ সালের ২৫ অগাস্ট রাজধানীর নাখালপাড়ার একটি বাসা থেকে আবদুস সোবহান মিয়া গোলাপকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকেই তিনি বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন গোলাপ। এছাড়া তিনি দীর্ঘ সময় সচিব পদমর্যাদায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
গত ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে এই আওয়ামী লীগ নেতা নিজ দলের তাহমিনা বেগমের কাছে হেরে যান, যিনি মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন।
