‘দুর্নীতি’: জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র দেখছেন কামরুল
আমলাতন্ত্র ‘নৈতিকভাবে দেশের যে ক্ষতি করেছে’ তা দেখে মানসিক পীড়ায় ভোগেন সাবেক মন্ত্রী ও সাবেক আমলা এম এ মান্নান।
বেশ কয়েকজন বর্তমান ও সাবেক উচ্চপদস্থ কর্মকর্তাদের বিপুল পরিমাণ সম্পদের তথ্য প্রকাশের ঘটনায় জাতীয় ও আন্তর্জাতিক ‘ষড়যন্ত্র’ থাকতে পারে বলে মনে করছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম।
সাবেক এই খাদ্যমন্ত্রী বলেছেন, “ইদানীং যে সমস্ত ঘটনা ঘটে যাচ্ছে, আমি বিশ্বাস করি এগুলো একটা ষড়যন্ত্রের অংশ। জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের হিসাবে হঠাৎ করে কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে প্রচার প্রোপাগান্ডা হচ্ছে।”
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও এনবিআর থেকে সরিয়ে দেওয়া মতিউর রহমানের নিজের ও স্বজনদের নামে যে বিপুল পরিমাণ সম্পদ পাওয়া গেছে, তা তাদের আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
বেনজীর ও তার স্বজনরা দেশ ছেড়েছেন বলে প্রচার আছে। তার সম্পদ জব্দ হয়েছে। মতিউর ও তার স্বজনদের দেশ ছাড়তে নিষেধাজ্ঞা আরোপ হয়েছে, তবে তারাও দেশ ছেড়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে, যদিও এ বিষয়ে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছেন না।
এবার এনবিআরের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ এসেছে, অবরুদ্ধ হয়েছে তাদের ব্যাংক হিসাব। বেশ কয়েকজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার বিপুল পরিমাণ সম্পত্তির বিষয়েও তথ্য আসছে গণমাধ্যমে।
এসব সংবাদ প্রকাশের পর সংসদেই দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন আওয়ামী লীগের বেশ কয়েকজন সংসদ সদস্য। তারা কঠোর ব্যবস্থার তাগিদ দিয়েছেন।
কামরুল বলেন, “দেশের মানুষের সন্দেহ হয়, আজকে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে দুর্নীতির বিষয়টি সামনে এসেছে। কিন্তু এ কথা স্বীকার করতে হবে যাদের বিরুদ্ধে আজকে অভিযোগ তারা কেন আইনকে ভয় পায়? আইনকে ভয় পেয়ে বিদেশে কেন চলে যায়?
“আজকে বেনজীর সাহেব (সাবেক আইজিপি), ছাগল কাণ্ডের কর্মকর্তারা কেন আইনকে ভয় পায়? আইনকে ভয় পায় মানে হচ্ছে তারা দুর্নীতিগ্রস্ত। তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেগুলো সত্য। এটা ষড়যন্ত্রের অংশ কিন্তু তারপরও এগুলো সত্য বলে প্রতীয়মান হয়।”
‘দুর্নীতিবাজদের ব্যবস্থা গ্রহণের এখনই সময়’ মন্তব্য করে তিনি বলেন, “আমরা যারা রাজনীতি করি, আমাদের লজ্জা হয় এসব দুর্নীতিবাজ, ব্যাংক লুটেরাদের চিত্র দেখি।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের অন্যতম সৎ নেতা হিসেবে পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছেন দাবি করে আওয়ামী লীগের সংসদ সদস্য বলেন, “বাংলাদেশ কোনো অবস্থাতেই দুর্নীতিগ্রস্ত বা দুর্নীতিবাজদের সহ্য করতে পারে না।
“বিএনপি কখনো তাদের দুর্নীতিবাজদের শায়েস্তা করতে পারে নাই। আওয়ামী বিভিন্ন সময় মন্ত্রী-এমপিদের কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রমাণ করেছে।…ক্যাসিনো কান্ডে অনেকে গ্রেপ্তার হয়েছে। তারা বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছেন।”
শেখ হাসিনা মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকেও ‘ছাড়িয়ে যাবেন’ মন্তব্য করে সাবেক মন্ত্রী বলেন, “যদি দুর্নীতি, ব্যাংক লুটেরা এবং অপকর্মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায়, বিশ্বাস করি তিনি (শেখ হাসিনা) আবার ক্ষমতায় আসবেন।”
সংরক্ষিত নারী আসনের সরকার দলীয় সংসদ সদস্য আরমা দত্ত বলেন, “প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আসছেন। কিন্তু কতিপয় সুবিধাবাদী মানুষ দুর্নীতি করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এটার দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা প্রয়োজন।”
শুল্কমুক্ত গাড়ি চান তিনি
স্বতন্ত্র সংসদ সদস্য হুছামুদ্দীন চৌধুরী বলেন, “যারা পুকুর চুরি করে তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তির আওতায় আনতে হবে।”
কালো টাকা সাদা করার সুযোগের যৌক্তিক কারণ থাকতে পারে মন্তব্য করে তিনি বলেন, “এই সুযোগে যেন দুর্নীতিবাজরা উৎসাহিত না হয় সেদিকে সতর্ক থাকতে হবে।”
সংসদ সদস্যের জন্য শুল্কমুক্ত গাড়ি সুবিধা রাখার দাবি জানিয়ে তিনি বলেন, “প্রথম সংসদ সদস্য নির্বাচিত হলাম ভাবলাম যে একটি ট্যাক্স মুক্ত গাড়ি পাব। এখানে আমাদের ওপর ট্যাক্স আরোপ করে দেওয়া হয়েছে। জীবনে প্রথম স্বপ্নটি কি বাস্তবায়ন হবে না?”
“কত গাড়ি মিসইউজ হচ্ছে, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সরকারের বিভিন্ন বিভাগে এগুলো অব্যবস্থাপনায় পড়ে আছে। আর ৩০০ সংসদ সদস্য একটি করে গাড়ি পাবেন সেখানে তাও আবার ২৫ শতাংশ কর দিতে হবে এটি আমাদের কাম্য নয়।”
স্বতন্ত্র সংসদ সদস্য আখতারুজ্জামান বলেন, “মূল্যস্ফীতি কমাতে হবে। অর্থমন্ত্রী এ জন্য পরিকল্পনা নিয়েছেন। কিন্তু অর্থমন্ত্রী যে মডেল নিয়েছেন একই মডেল যুক্তরাষ্ট্র অনুসরণ করে পাঁচ বছরেও সফল হয়নি “
‘আমলাদের করা নৈতিক ক্ষতি পোষানো যাবে না’
সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বক্তব্য রাখেন আমলাতন্ত্রের ‘অপচয়’ ও ‘ক্ষমতার অপব্যবহার’ নিয়ে।
তিনি বলেন, “জৌলুস, অপচয়, আরেকটা দিক প্রায়ই দেখা যায় এখানে। উন্নত গণতন্ত্রের দেশে যেখানে জবাবদিহিতা প্রতিষ্ঠিত, সেখানে এটা দেখা যায় না।
“আমি নিজেই আমলাতন্ত্রে ছিলাম, আমার অপরাধ বোধ আছে। এসব ব্যক্তি যেসব আর্থিক ক্ষতি করেছেন তা পুষিয়ে নিতে পারব, কিন্তু নৈতিকভাবে যে ক্ষতি করেছেন আমাদের দেশের জন্য, সরকারের কেন্দ্রে অবস্থান করে, তারা যে সকল কাজ করেছেন, তা যে কোনো সংবেদনশীল সমাজের জন্য অত্যন্ত চিন্তার এবং শঙ্কার বিষয়।”
প্রণোদনা ভর্তুকি থেকে সরে আসাকে সাহসী পদক্ষেপ হিসেবে উল্লেখ করে সাবেক মন্ত্রী বলেন, “সরকারি ব্যয়ে মিতব্যয়িতার দেখাবার অনুশীলন করার খুবই প্রয়োজন। আমাদের আমলাতন্ত্র, বিশাল আমলাতন্ত্র, পরতে পরতে নানা ব্যয় আছে, যার অনেকগুলো প্রশ্নবিদ্ধ।
“গাড়ি, বসার জায়গা, বসবাস, বিদেশ ভ্রমণ, সভা-সমিতি. সম্মানী, এসব ক্ষেত্রে এমন কিছু বিষয় আছে যা যে কোনো দায়িত্বশীল পাবলিক সার্ভেন্টের জন্য পীড়ার কারণ হতে পারে।”
