কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধনে হামলা
“এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে,” বলেন তেজগাঁও থানার ওসি।
ঢাকার কারওয়ান বাজারে চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন কর্মসূচিতে অতর্কিতে হামলা চালিয়ে মারধর করেছে একদল লোক।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নাম না জানা একদল লোক লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় বলে তেজগাঁও থানার ওসি ক্যশৈন্যু মারমা জানান।
তিনি বলেন, “‘কিচেন মার্কেটের’ ব্যবসায়ীরা চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন করছিল। তখন একদল অজ্ঞাতনামা লোক হামলা চালায়।
“এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
ব্যবসায়ীরা বলেছেন, ওই এলাকায় কয়েক মাস ধরে চাঁদাবাজি শুরু হওয়ায় তারা প্রতিবাদ জানাতে জড়ো হয়েছিলেন। মানববন্ধন কর্মসূচি শুরুর কিছুক্ষণ পর হঠাৎ করে তাদের ওপর হামলা করা হয়।
ব্যবসায়ীরা হামলায় যুবদলের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ করলেও বিষয়টি নিশ্চিত করেনি পুলিশ।
এক প্রশ্নের জবাবে ওসি বলেন, “এখনো কেউ আমাদের কাছে হতাহতের রিপোর্ট করেনি, অভিযোগও করেনি।”
