২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইকারী গ্রেপ্তার: পালানোর চেষ্টায় নিজের বুকে-পেটে চালান ব্লেড

হৃদয় দূরপাল্লার বাসের জানালার ধারে বসা যাত্রীদের মোবাইল, ব্যাগ নিয়মিত ছিনিয়ে নিতেন বলে পুলিশের ভাষ্য।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2024, 04:41 PM

Updated : 26 Aug 2026, 09:31 AM

ঢাকায় এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ জানিয়েছে, ধরা পড়ার পর তিনি নিজের বুকে পেটে ধারালো ব্লেড চালানোর চেষ্টা করেন। 

সোমবার রাতে হৃদয় নামের ২৫ বছর বয়সী ওই ছিনতাইকারীকে সোঁনারগাও ক্রসিং এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে তেজগাঁও থানার ওসি মো. মহসিন জানান। 

তিনি বলেন, হৃদয় দূরপাল্লার বাসের জানালার ধারে বসা যাত্রীদের মোবাইল, ব্যাগ ছিনিয়ে নিতেন। 

“এর আগেও হৃদয় ধরা পড়ে নিজের বুকে ব্লেড চালিয়েছে, কখনও পুলিশের দিকে বিষ্ঠা ছুড়ে পালিয়েছে। নানা কৌশল নেওয়ায় অনেক সময় তাকে ধরা সম্ভব হয়ে ওঠে না। এবারও ধরা পড়ার পর নিজেকে সে এভাবে আঘাত করে। এবারে পুলিশ তার সম্পর্কে আগে থেকে অবহিত থাকায় সে সফল হয়নি। 

হৃদয় দূরপাল্লার বাসের যাত্রীদের ‘টার্গেট’ করত জানিয়ে ওসি মহসিন বলেন, “জানালার ধারে বসা যাত্রীদের ব্যাগ, মোবাইল ছিনিয়ে নিত হৃদয়। দূরপাল্লার বাস বেশ দূরে চলে যায় আর যাত্রীও নামে না; ফলে ধরা পড়া থেকে রক্ষা পেত সে।“

হৃদয়ের নামে বিভিন্ন থানায় ছিতাইয়ের আটটি মামলা রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।