অচিরেই দৃশ্যমান হবে বিচার বিভাগের পৃথক সচিবালয়ের কাজ: সুপ্রিম কোর্ট
“বর্তমানে বিচার বিভাগীয় সচিবালয় তৈরির বিষয়টি আইন মন্ত্রণালয়ে সক্রিয়ভাবে প্রক্রিয়াধীন।”
বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠনের কাজ শিগগিরই দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “বর্তমানে বিচার বিভাগীয় সচিবালয় তৈরির বিষয়টি আইন মন্ত্রণালয়ে সক্রিয়ভাবে প্রক্রিয়াধীন।
“আশা করা যায়, অচিরেই বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় স্থাপনের বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের নানা পদক্ষেপ দৃশ্যমান হবে।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকল্পে মাসদার হোসেন মামলার রায়ের বাস্তবায়নে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠায় প্রধান বিচারপতি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন।
“এর অংশ হিসেবে গত ২৭ অক্টোবর পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠনসংক্রান্ত প্রস্তাব সুপ্রিম কোর্ট থেকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “গত ১০ ডিসেম্বর সুপ্রিম কোর্ট প্রশাসনের তিনজন কর্মকর্তা আইন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে সুপ্রিম কোর্ট কর্তৃক প্রস্তাবিত বিচার বিভাগীয় সচিবালয়ের কৌশলগত নানা বিষয় তুলে ধরেন।”
প্রতিবেশীদের পাশাপাশি উন্নত দেশগুলোয় উচ্চ আদালতে বিচারক নিয়োগে যেসব প্রক্রিয়া অনুসরণ হয়, তা বিশ্লেষণ করে এ সংক্রান্ত একটি অধ্যাদেশের খসড়া প্রস্তুত করার কথা জানানো হয় সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে।
সেখানে বলা হয়, “এরপর মতামত গ্রহণের জন্য গত ১৪ নভেম্বর তা পাঠানো হয়েছে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের কাছে।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচারপতিদের কাছ থেকে ১৫টি মতামত পাওয়া যায়। এসব মতামত নিরীক্ষা করে সুপ্রিম গত ২৮ নভেম্বর আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়।
সুপ্রিম কোর্টের প্রস্তাবে উচ্চ আদালতের বিচারক নিয়োগের জন্য একটি জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠনের প্রস্তাবও রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
সেখানে বলা হয়, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, কেনিয়া, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তানে উচ্চ আদালতের বিচারক নিয়োগে স্বাধীন নিরপেক্ষ কমিশন বা অনুরূপ প্রতিষ্ঠান বিদ্যমান রয়েছে।
সুপ্রিম কোর্টের পাঠানো প্রস্তাবে বিচারক নিয়োগের লক্ষ্যে উপযুক্ত ব্যক্তি বাছাই করে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করার জন্য একটি ‘জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল’ গঠনের কথা বলা হয়েছে।
প্রস্তাবে বলা হয়েছে, প্রধান বিচারপতির সভাপতিত্বে কাউন্সিলের মোট সদস্য হবেন ১০ জন। প্রধান বিচারপতি কাউন্সিলের চেয়ারম্যান হবেন। সদস্য হবেন যথাক্রমে আপিল বিভাগের কর্মে প্রবীণতম জ্যেষ্ঠ বিচারক, আপিল বিভাগের কর্মে প্রবীণতম দ্বিতীয় জ্যেষ্ঠ বিচারক ও হাই কোর্ট বিভাগের কর্মে প্রবীণতম জ্যেষ্ঠ বিচারক।
অধস্তন আদালত থেকে হাই কোর্ট বিভাগে এসেছেন, এমন বিচারকদের মধ্য থেকে কর্মে প্রবীণতম জ্যেষ্ঠ বিচারক, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন মনোনীত বিশ্ববিদ্যালয়ের একজন আইনের অধ্যাপক এবং দুজন নাগরিক প্রতিনিধিকেও কাউন্সিলে সদস্য করার প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবে নাগরিক প্রতিনিধি নিযুক্ত করার নিয়মাবলি সম্পর্কে বলা হয়েছে, কাউন্সিলের শিক্ষক সদস্য ছাড়া অন্য সদস্যদের সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্ত অনুসারে প্রণীত বিধি মোতাবেক, কিংবা এরূপ বিধি প্রণীত না হওয়া পর্যন্ত কাউন্সিলের চেয়ারম্যানের লিখিত আদেশ অনুসারে দুই বছরের জন্য নাগরিক সদস্যরা নিযুক্ত হবেন।
সুপ্রিম কোর্টের বিচারক পদে উপযুক্ত প্রার্থীর জন্য সুপারিশ করাসহ কাউন্সিলের যে কোনো সিদ্ধান্ত সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে নেওয়া হবে বলে প্রস্তাবে বলা হয়।
