Published : 06 May 2024, 08:01 PM
দেশের আদালতগুলোতে বর্তমানে ৩৭ লাখ ২৯ হাজার ২৩৫টি মামলা বিচারাধীন বলে জাতীয় সংসদকে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি বলেছেন, এসব মামলার মধ্যে ১৫ লাখ ৯৬ হাজার ৪৪১টি দেওয়ানী মামলা এবং ২১ লাখ ৩২ হাজার ৭৯৪টি ফৌজদারি মামলা।
সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য এ কে আবদুল মোমেনের প্রশ্নের জবাবে এ তথ্য জানান আইনমন্ত্রী। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকালে অধিবেশন বসে।
বিরোধী দলের চিফ হুইপ মুজিবুল হক চুন্নুর এক সম্পূরক প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী বলেন, মামলা জট কমাতে উচ্চ আদালতে বিচারপতি নিয়োগসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। বিচারপতি নিয়োগের জন্য আইন করার প্রক্রিয়াও শেষ করে আনা হয়েছে।
মামলা জট বাংলাদেশে বহুল আলোচিত একটি বিষয়। গতবছর আইন কমিশনের এক প্রতিবেদনে বলা হয়, ১৫ বছরে দেশে বিচারাধীন মামলার জট বেড়ে দ্বিগুণ হয়েছে। এর প্রধান কারণ বিচারক স্বল্পতা। দেশে ৯৪ হাজার ৪৪৪ জনের বিপরীতে বিচারকের সংখ্যা ১ জন।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান গত ১ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় এক অনুষ্ঠানে বলেছিলেন, “এত কম বিচারক দিয়ে মামলা জট কমানো সম্ভব নয়। আমরা প্রতিবছর জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে একশত বিচারক নিয়োগ করতে পারি। এই সংখ্যাটা বাড়াতে হবে। লজিস্টিক সাপোর্টসহ অন্যান্য সুযোগ-সুবিধা বাড়াতে হবে।’