২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয় সরকারের ২২৩ পদে উপ-নির্বাচন স্থগিত

জেলা পরিষদের ২৩টি পদ, পৌরসভার ৫টি ও ইউপির ১৯৫টি পদে শনিবার ভোট হওয়ার কথা ছিল শনিবার।

স্থানীয় সরকারের ২২৩ পদে উপ-নির্বাচন স্থগিত
আগারগাঁওয়ে নির্বাচন ভবন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2024, 04:12 PM

Updated : 26 Aug 2026, 10:02 AM

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার জেরে কারফিউ জারি থাকায় শনিবার স্থানীয় সরকারের ২২৩ পদের উপ-নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

এর মধ্যে জেলা পরিষদের ২৩টি পদ, পৌরসভার ৫টি ও ইউপির ১৯৫টি পদে শনিবার ভোট হওয়ার কথা ছিল।

নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম বুধবার বলেন, “নির্বাচন করতে ভোটগ্রহণ কর্মকর্তা থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীসহ ব্যাপক লোকবল দরকার। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এসব নির্বাচন স্থগিত করা হয়েছে। পরে সুবিধাজনক সময়ে ভোটের নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।”

কোটা সংস্কারের আন্দোলন ভয়াবহ সহিংসতায় রূপ নিলে সেনাবাহিনী মোতায়েন করে কারফিউ জারির সিদ্ধান্ত নেয় সরকার। গত শুক্রবার রাত ১২টা থেকে কার্যকর হয় কারফিউ। এখন প্রতিদিন কয়েক ঘণ্টা করে কারফিউ শিথিল করা হলেও পুরোপুরি তুলে নেওয়া হয়নি। ফলে প্রার্থীরা প্রচারের সুযোগ পুরোপুরি পাচ্ছেন না। 

ঘোষিত তফসিল অনুযায়ী, এসব নির্বাচনে মনোনয়ন জমার শেষ সময় ছিল ৪ জুলাই। ৫ জুলাই বাছাইয়ের পর ১০ জুলাইয়ের মধ্যে প্রত্যাহারের সুযোগ ছিল।

১১ জুলাই প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারে ছিলেন প্রার্থীরা। কিন্তু প্রচার বিঘ্নিত হওয়ায় বিদ্যমান পরিস্থিতিতে এসব নির্বাচন স্থগিত করল ইসি।