২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা মামলায় পুলিশের এসপি মহিউদ্দিন ফারুকী ২ দিনের রিমান্ডে

এর আগে রাঙামাটির বেতবুনিয়া থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

হত্যা মামলায় পুলিশের এসপি মহিউদ্দিন ফারুকী ২ দিনের রিমান্ডে
পুলিশ সুপার মহিউদ্দীন ফারুকী। ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2024, 06:36 PM

Updated : 10 Sep 2026, 12:23 PM

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সরকার পতনের পর বিজয় মিছিলে যোগ দিতে গিয়ে জোবায়ের ওমর খান নিহতের মামলায় পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকীকে জিজ্ঞাসাবাদে দুই দিনের হেফাজতে পেয়েছেন তদন্ত কর্মকর্তা।

বুধবার শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম আরিফুর রহমান তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে এদিন ভোরে রাঙামাটির কাউখালীর বেতবুনিয়া এলাকা থেকে মহিউদ্দিন ফারুকীকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ডেপুটি কমান্ডেন্ট হিসবে রাঙামাটির বেতবুনিয়া পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে দায়িত্বরত ছিলেন।

পরে তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে চান তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানায় এসআই মো. রাসেল সরদার।

এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৭ জনকে আসামি করা হয়েছে, যাতে গ্রেপ্তার মহিউদ্দিন ফারুকী ৫৯ নম্বর আসামি।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ৫ অগাস্ট সরকার পতনের খবর প্রচারিত হওয়ার পর জোবায়ের বিজয় মিছিলে যোগ দিতে শাহবাগ যাওয়ার জন্য রওয়ানা দেন। এসময় যাত্রাবাড়ী থানার শনির আখড়ায় আসামীদের ইন্ধনে সরাসরি নির্দেশনায়, পরিকল্পনায় এবং প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণে হত্যার উদ্দেশ্যে শান্তিপূর্ণ বিজয় মিছিলের উপর দেশি অস্ত্রশস্ত্রসহ শত শত সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল, ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

একই সঙ্গে হাত বোমা ও পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং রাবার বুলেট ও গুলি করা হলে ঘটনাস্থলে অনেকে ছাত্র জনতা আহত এবং নিহত হন বলে এজাহারে অভিযোগ করা হয়।

এসময় বাদীর ছোট ভাই জোবায়ের গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হইলে স্থানীয় লোকজন তাকে মিডফোর্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে জোবায়েরের ভাই জাবেদ ইমরান খান ২২ অগাস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন যাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৭ জনকে আসামি করা হয়।