Published : 03 Feb 2026, 04:29 PM
শিক্ষার মান বাড়াতে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়কে ‘স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান’ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার।
মঙ্গলবার দুপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেছেন, "আমি যেটা মনে করি যে আমাদের যদি প্রাথমিক শিক্ষার মানটা বাড়াতে হয়, মান সম্পন্ন করতে হয়, যেটা করতে হবে; একটা অটোনোমাস বডির মতো করে গড়ে তুলতে হবে প্রত্যেকটা প্রাইমারি স্কুলকে।
"কারণ আমরা দেখেছি এত সীমাবদ্ধতার মধ্যেও আমাদের অনেকগুলো প্রাইমারি স্কুল খুব ভালো চলে এবং সত্যি বলতে কি আমি নিজে ভিজিট করার আগে বিশ্বাস করতাম না যে প্রাইমারি স্কুল তো ভালো চলে।"
এ ক্ষেত্রে সরকার স্কুলগুলো পরিচালনায় বাজেট দেবে ও একটি তৃতীয় পক্ষকে স্কুলগুলো তদারকির দায়িত্ব নিতে হবে বলেও মন্তব্য করেন উপদেষ্টা।
এদিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পেশা বহির্ভূত (নন-প্রফেশনাল) কর্মকাণ্ডে সম্পৃক্ত করার শিক্ষণ-শিখনগত ও অর্থনৈতিক প্রভাব মূল্যায়নে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি-নেপের করা বিশ্লেষণধর্মী মাঠ সমীক্ষার ফল প্রকাশে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার।
ভালোভাবে চলা স্কুলগুলোর শিক্ষকরা গর্ববোধ করার সুযোগ পেলেও আর্থিকভাবে কোনো প্রণোদনা বা সুবিধা পান না বলেও আক্ষেপ করেন উপদেষ্টা৷
শিক্ষকদের দুর্বলতা আছে স্বীকার করে উপদেষ্টা বলেন, "আমি খুব নিশ্চিত আমি এই দুর্বলতা নিয়েও আমার শিক্ষার মানের উন্নতি করতে পারবো যদি আমার ম্যানেজমেন্ট ভালো হয়। কিন্তু আমার ম্যানেজমেন্ট একদম উপজেলা থেকে শুরু করে মন্ত্রণালয় পর্যন্ত সমস্যাজনক। আমি আমলাতন্ত্রের বিরুদ্ধে বা কোন প্রফেশনাল পার্সনকে এইজন্য দায়ী করবো না তার প্রফেশনের জন্য, কারণ আমি নিজেও একটা প্রফেশনাল পারসন।"
স্কুল ব্যবস্থাপনা 'খারাপ হওয়ার' কারণ তুলে ধরে উপদেষ্টা বলেন, "গুণের কোনো কদর নাই। সেখানে অপকর্মের কোনো শাস্তি নাই এবং সুকর্মের কোনো পুরস্কার নাই। তাহলে ম্যানেজমেন্ট কেন খারাপ হবে না? ফলে এই বিষয়টা বেশি খারাপ। এই ম্যানেজমেন্টের প্রবলেম যদি ঠিক করতে পারতাম তাহলে আমার এই রিসোর্স দিয়ে কিন্তু একটা ভালো সার্ভিস পেতাম।"