জুরাইন কবরস্থানে অধ্যাপক মাহমুদা বেগমের দাফন সম্পন্ন
চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, তিতুমীর কলেজসহ বিভিন্ন কলেজে বাংলা পড়িয়েছেন অধ্যাপক মাহমুদা বেগম।
দৈনিক আমার দেশ পাবলিকেশন্সের ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাহমুদা বেগমকে রাজধানীর জুরাইনের পুরনো কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
রোববার দুপুর সোয়া ৩টার দিকে তার দাফন সম্পন্ন হয় বলে আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ জানিয়েছেন।
তিনি বলেন, দাফন শেষে মরহুমার আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।
চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, তিতুমীর কলেজসহ বিভিন্ন কলেজে বাংলা পড়িয়েছেন অধ্যাপক মাহমুদা বেগম।
রোবাবর ভোর সোয়া ৫টায় রাজধানীর মগবাজারে ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালে তার মৃত্যু হয়। ৮৭ বছর বয়সী এই নারী বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
একমাত্র ছেলে মাহমুদুর রহমান, পুত্রবধূ ফিরোজা মাহমুদ এবং ছোট বোন মনিরা মাহমুদসহ অসংখ্য গুণনগ্রাহী রেখে গেছেন মাহমুদা বেগম।
রোববার জোহরের নামাজের পর রাজধানীর গুলশানের আজাদ মসজিদে তার জানাজা হয়।
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, আশরাফ উদ্দীন নিজান, বিএনপি নেতা নাসির উদ্দিন অসীম, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল জানাজায় অংশ নেন।
এছাড়া সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম. আবদুল্লাহ, ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর সভাপতি ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ও মুফতি মনির হোসাইন কাসেমী, ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল, সাবেক সেনা কর্মকর্তা আমান আল আযমী, ঢাকা সাংবাদিক ইউনিয়ের সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, সহযোগী অধ্যাপক মনির হোসেন, অধ্যাপক ডা. এহতেশামুল হক, ডা. কামাল উদ্দীন ও ডা. রাজন মন্ডলসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন এই জানাজায়।
মাহমুদা বেগমের দাফনের সময় অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক এম. আব্দুল্লাহ, আমার দেশ-এর পরিচালক আনোয়ারুন্নবী মজুমদার বাবলা ও শাকিল ওয়াহেদ, নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, রাজউক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, পিএসসির সদস্য নাজমুল আলম মজুমদার, সহযোগী অধ্যাপক ডা. মনির হোসেন উপস্থিত ছিলেন।
মাহমুদা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শোকবার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, পেশায় অত্যন্ত নিষ্ঠাবান অধ্যাপক মাহমুদা বেগম নিজ মেধা ও যোগ্যতা দিয়ে তার অসংখ্য ছাত্র-ছাত্রীদের সুশিক্ষিত করেছেন-যারা এখন সমাজে প্রতিষ্ঠিত হয়ে দেশের জন্য অবদান রাখছেন। এছাড়া একজন আদর্শ মাতা হিসেবে নিজ সন্তানকে সুশিক্ষায়
গড়ে তুলেছেন।
তারেক বলেন, মরহুম মাহমুদা একজন মহিয়সী নারী হিসেবে সংশ্লিষ্ট সবার নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন।
মির্জা ফখরুল শোকবার্তায় বলেন, “অধ্যাপিকা মাহমুদা বেগমের মৃত্যুতে তার পরিবার-পরিজন ও প্রতিবেশীদের মত আমিও গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। ধর্মপ্রাণ ও পরোপকারী মরহুমা অধ্যাপিকা মাহমুদা বেগম প্রতিবেশীদের নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন।
“শিক্ষকতা পেশায় অত্যন্ত নিষ্ঠাবান অধ্যাপিকা মাহমুদা বেগম মেধা ও যোগ্যতা দিয়ে তার সন্তানদের সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলেছিলেন, যারা স্ব স্ব পেশায় প্রতিষ্ঠিত। দোয়া করি-মহান রাব্বুল আলামিন যেন মরহুমা অধ্যাপিকা মাহমুদা বেগমের জান্নাত নসিব এবং শোকাহত পরিবার-পরিজনদের ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
বিএনপি মহাসচিব শোকবার্তায় অধ্যাপিকা মাহমুদা বেগমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান আরেক শোকবার্তায় বলেন, “অধ্যাপিকা মাহমুদা বেগম একজন অধ্যাপিকা হিসেবে জ্ঞানের আলো বিতরণের মাধ্যমে জাতির খেদমদত করে গিয়েছেন। তিনি একজন পরহেজগার ও গুণী মহিলা ছিলেন। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।
“আমি তার রূহের মাগফিরাত কামনা করছি এবং তাকে জান্নাতবাসী করার জন্য মহান রবের নিকট দোয়া করছি। আল্লাহ যেন তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করেন।”
