ইংরেজি মাধ্যমের স্কুলে ঈদের ছুটি শুরু সোমবার, চলবে পরীক্ষা
সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মতই ইংরেজি মাধ্যম স্কুলগুলোর ছুটি থাকবে ২৬ মার্চ পর্যন্ত।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরের বিদেশি কারিকুলামে পরিচালিত ইংরেজি মাধ্যমের স্কুলগুলোর ঈদুল ফিতরের ছুটি শুরু হচ্ছে সোমবার থেকে।
সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মতই ইংরেজি মাধ্যমের স্কুলগুলোর ছুটি থাকবে ২৬ মার্চ পর্যন্ত। পরের দুদিন পড়েছে সাপ্তাহিক ছুটি।
এরপর ২৯ মার্চ থেকে ক্লাস শুরু হবে। তবে ছুটিতে ইংরেজি মাধ্যম স্কুলগুলোর ক্লাস না হলেও প্রতিষ্ঠান কর্তৃপক্ষের নির্ধারিত সময়সুচি অনুযায়ী পরীক্ষা চলবে। একই সময় পর্যন্ত সব কোচিং সেন্টারও বন্ধ ঘোষণা করা হয়েছে।
রোজার মাসে জনভোগান্তি কমাতে সোমবার থেকে এ স্কুলগুলো বন্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষামন্ত্রী আ ন ম এছছানুল হক মিলন রোববার ইংরেজি মাধ্যম স্কুলগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ।
পরে এ সিদ্ধান্ত অনুযায়ী সোমবার থেকে ইংরেজি মাধ্যমের স্কুলগুলোর ছুটি ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয় রোবরাব আদেশ জারি করছে।
রোজার প্রথম দিন থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে। তবে ইংরেজি মাধ্যম স্কুলগুলোর ক্লাস রোববারও চালু ছিল।
জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্কুলগুলোর নির্দিষ্ট শিক্ষাপঞ্জি বা ছুটিরা তালিকা না থাকায় প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষ নিজ নিজ সিদ্ধান্ত অনুযায়ী ঈদের ছুটি শুরুর কথা ভেবেছিল। এ স্কুলগুলোর শিক্ষার্থীদের পরীক্ষার সময়সূচিও ঘোষণা করা হয়েছিল।
"তবে সভায় সোমবার থেকে এ স্কুলগুলো ও সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। ছুটির দিনগুলোতে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ক্লাস না হলেও নির্ধারিত দিনের পরীক্ষা অনুষ্ঠিত হবে।"
সরকারি-বেসরকারি স্কুলগুলোর মত ২৬ মার্চ পর্যন্ত ইংরেজি মাধ্যম স্কুলগুলো বন্ধ থাকবে বলেও জানিয়েছেন এ কর্মকর্তা।
