২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারামুক্ত হয়ে মায়ের সান্নিধ্যে সেই বাকপ্রতিবন্ধী সাইদ

মুক্তির পর সাইদকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তার মা সুমি। এ সময় সাইদকেও কাঁদতে দেখা যায়।

কারামুক্ত হয়ে মায়ের সান্নিধ্যে সেই বাকপ্রতিবন্ধী সাইদ
সাইদ শেখ

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2025, 08:06 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

গুলিস্তানের গোলাপশাহ মাজারের পাশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে ‘স্লোগান দিয়ে’ গ্রেপ্তার হওয়া বাকপ্রতিবন্ধী সাইদ শেখ নয় দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন। 

বুধবার দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সাইদকে মুক্তি দেওয়া হয় বলে তার মামা সুমন শেখ জানান। 

মানবিক দিক বিবেচনা করে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইন গত মঙ্গলবার সাইদকে জামিন দেন। জামিনের সেই আদেশ বুধবার কারাগারে পৌঁছায়।

এদিন সকাল থেকেই সাইদের জন্য কারাগারের বাইরে অপেক্ষা করছিলেন তার মা, মামা, আত্মীয়-স্বজন। মুক্তির পর সাইদকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তার মা সুমি। এ সময় সাইদকেও কাঁদতে দেখা যায়।

সাইদের মামা সুমন বলেন, “জীবনে কখনো কোর্ট-কাচারি, জেলে আমরা যাইনি। সাইদকে এভাবে জেলে থাকতে হবে ভাবিনি। সাইদ জেল থেকে বের হয়ে কান্নাকাটি করেছে। ওর মাও কান্নাকাটি করেছে। ছেলেকে নিয়ে ওর মা এখন মুন্সীগঞ্জের খাসহাটে গ্রামের বাড়ি গেছে।”

গুলিস্তানের গোলাপ শাহ মাজারের পাশে গত ২৪ অগাস্ট ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ, সেখান থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ওই তিনজনের মধ্যে সাইদ শেখও ছিলেন, যিনি একজন ‘বাকপ্রতিবন্ধী’।

গ্রেপ্তারের পর সাইদকে ২৫ অগাস্ট আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই মাকসুদুল হাসান। সেখানে তদন্ত কর্মকর্তা তাকে ‘বাক প্রতিবন্ধী’ হিসেবে বর্ণনা করেন। ওইদিন সাইদকে কারাগারে পাঠানো হয়।

পরদিন সাইদের পক্ষে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। তারা তাকে ‘প্রতিবন্ধী’ দাবি করে জামিন চান। শুনানি নিয়ে আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ২৮ অগাস্ট দিন রাখে। 

এরই মধ্যে তদন্ত কর্মকর্তা মাকসুদুল হাসান আদালতে একটি আবেদন করেন। সেখানে সাইদকে ‘প্রতিবন্ধী’ হিসেবে বিবেচনা না করে ‘তোতলা বা অস্পষ্টভাষী’ হিসেবে বিবেচনা করার আর্জি জানানো হয়।

আদালত এ বিষয়ে তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে শুনানির দিন সিদ্ধান্ত দেন। 

২৮ অগাস্ট মামলার তদন্ত কর্মকর্তা মাকসুদুল হাসান আদালতে হাজির হন। কারাগার থেকে হাজির করা হয় সাইদকেও। 

পরে শুনানি নিয়ে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইন আদেশ দেন, সাইদ ‘প্রতিবন্ধী’ কি না সে বিষয়ে জেল কোডের বিধান অনুযায়ী একজন বিশেষজ্ঞ চিকিৎসককে দিয়ে পরীক্ষা করিয়ে প্রতিবেদন দিতে হবে। 

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপারকে ১ সেপ্টেম্বরের মধ্যে ওই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়। 

কিন্তু সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার ২ সেপ্টেম্বর জানান, ঢাকার সিভিল সার্জন কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রতিবেদন পাওয়া যায়নি। 

তবে সাইদের পক্ষে তাদের আইনজীবীরা এদিন জামিন শুনানি করেন। মানবিক দিক বিবেচনায় তারা জামিন চান। 

রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করে বলেন, “এ আসামি প্রতিবন্ধী না। তোতলা বা অস্পষ্টভাষী। আসামি প্রতিবন্ধী কি না এ সংক্রান্ত কোনো প্রতিবেদন আসেনি।”

দুই পক্ষের শুনানি নিয়ে বিচারক বলেন, “বিষয়টা নিয়ে কিছু বলতে হবে। না হলে মিসগাইড হতে পারে। এ মামলাটা তিনবার আমার কাছে শুনানির জন্য এসেছে। একবারও কিন্তু আমি জামিন রিজেক্ট করিনি মানবিক দিক বিবেচনায়। 

“তদন্ত কর্মকর্তা একটা ভিডিও দেখিয়েছে মিছিলের। আগের একটা ভিডিওতে দেখা গেছে, সে আগের সরকারের (আওয়ামী লীগ) পক্ষে কথা বলেছে। তবে পুরোপুরি স্পষ্ট না। মানবিক দিক বিবেচনায় পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করা হল।”

মামলার বিবরণীতে বলা হয়েছে, “২৫ অগাস্ট বিকেল সাড়ে ৫টার দিকে গুলিস্তানের গোলাপশাহ মাজারের পাশে রাজু আহমেদ, শেখ মো. শাকিল, সাইদ শেখসহ (বাকপ্রতিবন্ধী) অজ্ঞাতনামা ২০০/২৫০ জন সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কতিপয় সদস্য এবং তাদের অর্থদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতারা সরকার ও রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্ন এবং ক্ষতিসাধনের ষড়যন্ত্র, ধ্বংসাত্মক কর্মকান্ড পরিচালনার করার জন্য সমবেত হয়। তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে।

“সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং নিষিদ্ধ ঘোষিত প্রচারণায় রাজু আহমেদ, শেখ মো. শাকিল, সাইদ শেখ স্লোগান দিতে থাকে। পুলিশ এই তিন জনকে আটক করলে অন্যরা বিভিন্ন দিকে পালিয়ে যায়। তারা সমবেত হয়ে সরকার ও রাষ্ট্রবিরোধী মিছিলে অংশ গ্রহণ করে। রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত ও সম্পত্তি বিনষ্টের উদ্যোহহ গ্রহণ করে। দেশের আইন শৃঙ্খলা বিনষ্ট জন্য এবং বড় ধরনের অঘটন ঘটানোর জন্য একত্রিত হয়ে রাষ্ট্রবিরোধী স্লোগান দেয় এবং সমাবেশ আয়োজনের চেষ্টা করে। তারা দেশের সার্বভৌমত্বকে আঘাত ও জান-মালের নিরাপত্তা বিঘ্নিত ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রয়াসে একটি নিষিদ্ধ সংগঠনের সমর্থক, অর্থদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতা হিসেবে সক্রিয়ভাবে দেশ বিরোধী প্রচারণায় অংশগ্রহণ করে।”

পল্টন মডেল থানার এসআই মোহাম্মদ আবু ইউসুফ গত ২৫ অগাস্ট সন্ত্রাস বিরোধ আইনে মামলাটি করেন।

পুরনো খবর

মিছিলে 'স্লোগান দিয়ে' গ্রেপ্তার বাকপ্রতিবন্ধী সাইদের জামিন

'স্লোগান দিয়ে' কারাগারে 'বাকপ্রতিবন্ধী' সাইদ, দুশ্চিন্তায় পরিবার