সাবেক মন্ত্রী আনিসুল ও ইসি সচিব হেলালুদ্দীন নতুন মামলায় গ্রেপ্তার
তদন্ত কর্মকর্তার শুনানি নিয়ে সোমবার ঢাকার মহানগর হাকিম মো. মনিরুল ইসলাম এ আদেশ দেন।
জুলাই আন্দোলন ঘিরে হত্যা ও হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।
এছাড়া রাষ্ট্রদ্রোহ, জনগণের ভোট ছাড়া নির্বাচন সম্পন্ন করার অভিযোগে বিএনপির করা শেরেবাংলা নগর থানার মামলায় নির্বাচন কমিশনের (ইসি) সাবেক সচিব হেলালুদ্দীন আহমেদকেও গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তার শুনানি নিয়ে সোমবার ঢাকার মহানগর হাকিম মো. মনিরুল ইসলাম এ আদেশ দেন।
আনিসুল হককে দুই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার এসআই আবুল ফারেজ জুয়েল; হেলালুদ্দীন আহমেদকে গ্রেপ্তার দেখানোর আবেদন তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক সৈয়দ সাজেদুর রহমান।
আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির দিন সোমবার ঠিক করেছিলেন। এদিন শুনানিতে তাদের আদালতে হাজির করা হয়।
শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন জানিয়েছেন।
মোহাম্মদ শাওন সিকদার হত্যা মামলার অভিযোগে বলা হয়েছে, গেল বছরের ১৯ জুলাইয়ে বিকালে রাজধানীর ইডেন কলেজের সামনে দিয়ে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে মারা যান শাওন।
এ ঘটনায় গত ২১ জানুয়ারি লালবাগ থানায় শেখ হাসিনাসহ ৪০ জনকে আসামি করে আত্মীয় পরিচয়ে মামলা করেন ইকবাল মজুমদার তৌহিদ। আনিসুল হক এই মামলার আসামি।
আশরাফুল হত্যাচেষ্টা মামলার অভিযোগে বলা হয়েছে, আন্দোলনের সময় গত বছরের ১৮ জুলাই লালবাগের আজিমপুর সরকারি কলোনির ভেতর আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করা হয়। এতে গুললিবিদ্ধ হন আশরাফুল। এ ঘটনায় গত ২৫ মে শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা করেন আশরাফুল। আনিসুল হক এই মামলার একজন আসামিআ।
২০২২ সালে স্থানীয় সরকার সচিব হিসেবে অবসরে যান হেলালুদ্দীন আহমদ। তার আগে তিনি নির্বাচন কমিশন সচিবের দায়িত্বে ছিলেন।
নির্বাচন কমিশনের (ইসি) সাবেক সচিব হেলালুদ্দীন আহমেদকে যে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, সেটির অভিযোগে বলা হয়েছে, গত ২২ জুন বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব ‘পালন না করে’ উল্টো ‘ভয়-ভীতি দেখিয়ে’ জনগণের ভোট ছাড়াই নির্বাচন সম্পন্ন করার অভিযোগে মামলা করে বিএনপি।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং মামলা, গুম, খুন ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক সালাহ উদ্দিন খান এ মামলার বাদী, যিনি একজন সাবেক পুলিশ কর্মকর্তা। এরপর মামলায় দণ্ডবিধির ১২৪ (ক)/ ৪২০/৪০৬ ধারায় অভিযোগ সংযুক্ত করার আবেদন করা হয়।
মামলায় ২০১৪ সালের নির্বাচনের সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, ২০১৮ সালের নির্বাচনে সিইসি এ কে এম নূরুল হুদা ও ২০২৪ সালের নির্বাচনের সিইসি কাজী হাবিবুল আউয়ালকে আসামি করা হয়েছে।
এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৯ জনের নাম রয়েছে আসামির তালিকায়।
মামলায় অভিযোগ করা হয়েছে, দশম, একাদশ ও দ্বাদশ নির্বাচনে 'গায়েবি মামলা, অপহরণ, গুম খুন ও নির্যাতনের’ ভয় দেখিয়ে, বিএনপি নেতাকর্মীদের ‘গণগ্রেপ্তার’ করে নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে রাখা হয়। সংবিধানিক প্রতিষ্ঠানে থাকা সত্বেও সংবিধান লঙ্ঘন, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, সরকারি কর্মচারী হয়েও অবৈধভাবে ভোটে হস্তক্ষেপ, ভয়ভীতি দেখিয়ে ভোটের কাজ সম্পূর্ণ করা ও জনগণের ভোট না পেলেও সংসদ সদস্য হিসেবে মিথ্যাভাবে বিজয়ী ঘোষণা করা আইনত দণ্ডনীয় অপরাধ।
এ ঘটনার সাক্ষী সকল ভোট কেন্দ্র এলাকার ভোটাররা এবং ভোটারদের মধ্যে যারা ভোট প্রদান করতে বঞ্চিত হয়েছেন তারাসহ ভোট কেন্দ্রে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যরা।
এছাড়া ভোট কেন্দ্রে অনেক সৎ প্রিজাইডিং অফিসার, পুলিংশ অফিসারসহ স্থানীয় লোকজনসহ আরো অন্যান্যরা ঘটনার সাক্ষী হবে। এছাড়া ব্যালট পেপারে যে সিল ও স্বাক্ষর রয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করলেই প্রকৃতভাবে তারা ভোট দিয়েছে কিনা সে বিষয়ে উল্লেখিত ঘটনার সঠিক রহস্য তদন্তে সত্য উদঘাটিত হবে।
