পুলিশের ভিডিও করায় ধানমন্ডি ৩২ নম্বরে একজন আটক
আটকের সময় সাখাওয়াত নিজেকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে নিরাপত্তা কড়াকড়ির মধ্যে ধানমন্ডি ৩২ নম্বরে ‘সন্দেহজনকভাবে ঘুরাঘুরি’ ও পুলিশের ভিডিও করার অভিযোগে এক যুবকে আটক করা হয়েছে।
সাখওয়াত হোসেন নামের ওই যুবককে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে আটক করে পুলিশ ভ্যানে করে ধানমন্ডি মডেল থানায় নিয়ে যাওয়া হয়।
থানার ওসি সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৩২ নম্বরে কর্ডন করা (পুলিশের সংরক্ষিত এলাকা) এলাকায় ঢুকে এই যুবক পুলিশের ভিডিও করছিল। তাকে বাধা দিলেও শুনছিল না। এজন্য তাকে সন্দেহভাজন হিসেবে আটক করে থানায় আনা হয়েছে। তার সম্পর্কে বিস্তারিত জানতে পারিনি। জিজ্ঞাসাবাদ চলছে। এরপর বিস্তারিত জানাতে পারব।”
আটকের সময় সাখাওয়াত নিজেকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দেন। তাকে আটক করেন ধানমন্ডি থানার এসআই আরিফ হোসেন।
ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা বলেন, ওই যুবক ৩২ নম্বরে বঙ্গবন্ধুর ভাঙা বাড়ির ছবি তুলছিলেন এবং ভিডিও করছিলেন। প্রশ্ন করা হলে তিনি ‘যুক্তিযুক্ত’ কোনো ব্যাখ্যা দিতে পারেননি।
