আবের শেষকৃত্যে বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন মোমেন
মোমেন বলেন, “শিনজো আবে বাংলাদেশের একজন প্রকৃত বন্ধু ছিলেন এবং তার সময়ে দুই দেশের সম্পর্ক সমন্বিত অংশীদারীত্বে উন্নীত হয়।”
বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
মঙ্গলবার দুপুরে জাপানের টোকিওর নিপ্পন বুদোকানে আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
পরে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে সাক্ষাতে বাংলাদেশের উন্নয়নে আবের অবদানের কথা স্মরণ করেন তিনি।
মোমেন বলেন, “শিনজো আবে বাংলাদেশের একজন প্রকৃত বন্ধু ছিলেন এবং তার সময়ে দুই দেশের সম্পর্ক সমন্বিত অংশীদারীত্বে উন্নীত হয়।”
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আবের অন্ত্যেষ্টিক্রিয়ায় জাপানের প্রধানমন্ত্রী এবং অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজক কমিটির সভাপতি ফুমিও কিশিদাসহ অন্যরা স্মারক বক্তৃতা দেন।
এরপর আবের অন্তেষ্টিক্রিয়ায় শ্রদ্ধা জানাতে আসা বিদেশি অতিথিরা পুষ্পার্ঘ্য নিবেদন করেন। অনুষ্ঠানে মোমেনের সঙ্গে সংসদ সদস্য সেলিমা আহমেদ এবং জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে সাক্ষাতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শিনজো আবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তিনি।
ওই অনুষ্ঠানে শিনজো আবের সহধর্মিণী আকি আবের সঙ্গে সাক্ষাত করেন মোমেন। এসময় প্রয়াত প্রধানমন্ত্রীর সঙ্গে ২০১৪ সালে আকির বাংলাদেশ সফরের কথাও স্মরণ করেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাষ্ট্র সফর শেষে সোমবার টোকিও পৌঁছে জাপানের পররাষ্ট্রমন্ত্রী হায়াশি ইয়োশিমাসার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। বুধবার দেশের উদ্দেশে তার জাপান ত্যাগ করার কথা রয়েছে।
