প্রতি বছর নির্দিষ্ট সময়ে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার
“যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে, তারাই সরকার চালাবে। কাজেই এন্ট্রি পয়েন্টে যদি কোনো ধরনের অনিয়ম হয়, তাহলে গোটা সিস্টেমে সেটার প্রভাব থেকে যাবে,” বলেন সরকারপ্রধান।
স্বচ্ছতা বজায় রেখে ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর নির্দিষ্ট সময়ে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, ''ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর নির্দিষ্ট সময়ে পরীক্ষা ও নিয়োগ সম্পন্ন করতে হবে। বিসিএস পরীক্ষা হল ‘এন্ট্রি পয়েন্ট’। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে, তারাই সরকার চালাবে। কাজেই এন্ট্রি পয়েন্টে যদি কোনো ধরনের অনিয়ম হয়, তাহলে গোটা সিস্টেমে সেটার প্রভাব থেকে যাবে।
“সমস্যা ও সংকট যেগুলো আছে, দায়িত্ব নিয়ে সেগুলো সমাধান করে ফেলতে হবে। প্রয়োজনীয় সংস্কারের জন্য সবাই মিলে চেষ্টা করতে হবে। যারা ভবিষ্যতে সরকার চালাবে তাদের জন্যও এটা প্রয়োজন।”
পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম বৈঠকে সরকারি কর্ম কমিশনের আর্থিক ও প্রশাসনিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার বিষয়ে তুলে ধরেন।
তিনি বলেন, কমিশন ইতোমধ্যে পাঁচ বছরের রোডম্যাপ দিয়েছে এবং প্রতিবছর নভেম্বর থেকে পরের বছরের অক্টোবর মধ্যে পরীক্ষা ও নিয়োগ সম্পন্ন হবে।
পিএসসি সদস্যরা বৈঠকে বলেন, গত ১৫ বছর ‘রাজনৈতিক হস্তক্ষেপের কারণে’ বিসিএস পরীক্ষায় নানা ধরনের ‘অনিয়ম, স্বজনপ্রীতি, প্রশ্নফাঁসের মত ঘটনা’ ঘটেছে। পিএসসিতে যেন আর কখনো অনিয়ম ফিরে না আসে, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে। প্রশ্নপত্রের মান এমনভাবে ‘উন্নীত’ করা হচ্ছে যাতে এ পরীক্ষার প্রস্তুতি দিয়ে বৈশ্বিক প্রতিযোগিতাতেও চাকরিপ্রত্যাশীরা প্রতিযোগিতা করতে পারেন।
অন্যদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া এবং পিএসসি সদস্য মো. সুজায়েত উল্যা, মো. জহিরুল ইসলাম ভূঁইয়া, এম. সোহেল রহমান, চৌধুরী সায়মা ফেরদৌস, মো. আনোয়ারুল ইসলাম, শাহনাজ সরকার ও পিএসসি সচিব মো. সানোয়ার জাহান ভূঁইয়া বৈঠকে উপস্থিত ছিলেন।
