২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতার মামলায় গয়েশ্বর-রিজভীসহ ১৭৩ নেতাকর্মীকে অব্যাহতি

বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক, মো. রফিকুল ইসলাম, কায়সার কামাল, শামা ওবায়েদ, হাবিবুন নবী খান সোহেলও মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।

নাশকতার মামলায় গয়েশ্বর-রিজভীসহ ১৭৩ নেতাকর্মীকে অব্যাহতি
গয়েশ্বর চন্দ্র রায় ও রুহুল কবির রিজভী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2025, 06:35 PM

Updated : 26 Aug 2026, 11:33 AM

ছয় বছর আগে ঢাকার রমনা থানায় করা নাশকতার এক মামলায় বিএনপির বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১৭৩ নেতাকর্মীকে অব্যাহতি পেয়েছেন।

ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৬ এর বিচারক শিহাবুল ইসলামের আদালত বুধবার তাদের অব্যাহতির আদেশ দেন।

অব্যাহতি পাওয়া নেতাদের মধ্যে আরও রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবদিন ফারুক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল।

আসামিপক্ষের আইনজীবী মহি উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাদের বিরুদ্ধে মামলাটিতে অভিযোগ গঠনের শুনানির দিন ছিল বুধবার। কিন্তু অভিযোগ গঠন করার মত ‘কোনো উপাদান না থাকায়’ আদালত তাদের অব্যাহতি দিয়েছেন।”

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ২০১৮ সালের ৩০ জানুয়ারি নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগার এলাকায় স্থাপিত বিশেষ আদালতে হাজিরা শেষে বাসায় ফিরছিলেন। সেসময় শাহবাগের পরীবাগে রাস্তায় স্লোগান দিচ্ছিলেন বিএনপি নেতাকর্মীরা। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

পরে সেদিনই পুলিশের এসআই মো. মহিবুল্লাহ নাশকতার অভিযোগে রমনা মডেল থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০২০ সালের ২৯ জানুয়ারি অভিযোগপত্র দিয়েছিলেন তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের উপপরিদর্শক মুহম্মদ সাইফুল ইসলাম খাঁন। 

মামলার বিচারে দীর্ঘসূত্রিতা আর গণআন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর ওই মামলা থেকে বিএনপি নেতাকর্মীদের অব্যাহতি দিল আদালত।