জুলাইয়ের হত্যা মামলায় তারিক সিদ্দিকের গাড়িচালক ও কেয়ারটেকার রিমান্ডে
ঠাকুরগাঁও সদর ও ভাষানটেক থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের গাড়িচালক মো. চান মিয়া ও কেয়ারটেকার মো. মহিদুল ইসলামকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
জুলাই আন্দোলনে নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সোমবার তাদের চার দিন রিমান্ডের আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম।
মহিদুলকে রোববার ঠাকুরগাঁও সদরের ইসলামবাগ থেকে আর চান মিয়াকে ঢাকার ভাষানটেক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
তদন্ত কর্মকর্তা ডিএমপি ডিবি পুলিশের রমনা জোনাল টিমের ইন্সপেক্টর মো. আমজাদ হোসেন তালুকদার তাদের আদালতে হাজির করে সাত দিনর রিমান্ড চেয়ে আবেদন করেন।
আদালতে আসামিদের পক্ষে কোনো আইনজীবী না থাকার কথা তুলে ধরে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর-রশীদ বলেন, রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। পরে আদালত তাদের চার দিনের রিমান্ড দিয়েছে।
মামলার বিবরণে বলা হয়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই বিকালে নিউ মার্কেটের নীলক্ষেত এলাকায় আন্দোলন চলাকালে গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। এ ঘটনায় আব্দুল ওয়াদুদের শ্যালক আব্দুর রব নিউ মার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৩০ জনকে আসামি করা হয়।
