২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানবতাবিরোধী অপরাধ: ট্রাইব্যুনালে কাঁদলেন চানখাঁরপুলে নিহত জুনায়েদের মা

“বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমি নিজেও অংশগ্রহণ করি,” বলেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2025, 07:56 PM

Updated : 26 Aug 2026, 01:37 PM

গত বছর শেখ হাসিনার পতনের দিন চানখাঁরপুলে নিহত মেহেদী হাসান জুনায়েদের মা সোনিয়া জামাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে ছেলের জন্য কেঁদেছেন। 

তার কান্নায় ট্রাইব্যুনালের বিচারক, আইনজীবী ও সাংবাদিকসহ সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন। 

বুধবার গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন ঢাকার গেন্ডারিয়ার বাসিন্দা সোনিয়া।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইনজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় এদিন আরও তিনজন সাক্ষ্য দেন। 

এরা হলেন-ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সাইয়েন্স অ্যান্ড হসপিটালের নিউরো ট্রমা বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মাহফুজুর রহমান, একই প্রতিষ্ঠানের সিনিয়র স্টাফ নার্স শাহনাজ পারভীন ও রাজধানীর শ্যামলী এলাকার ইবনেসিনা হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. হাসানুল বান্না।  

সোনিয়া ট্রাইব্যুনালে বলেন, গত বছরের ৫ অগাস্ট চানখাঁরপুলে তার ছেলে জুনায়েদ (১৪) নিহত হয়। সে গেন্ডারিয়া উইল পাওয়ার স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। ১০ পারা কোরআনও মুখস্ত করেছিল সে।

১ জুলাই থেকে ৫ অগাস্ট পর্যন্ত জুনায়েদ নিয়মিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগদান করলেও তিনি জানতেন না বলে দাবি করেন সোনিয়া। 

তিনি বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমি নিজেও অংশগ্রহণ করি। ৫ অগাস্ট সকাল সাড়ে ১০টার সময় আমার ছেলে নাস্তা করার পর আমাকে বলে–মা আমি আমার বন্ধু সিয়ামকে নিয়ে আন্দোলনে গেলাম। 

“কিছুক্ষণ পর আমি আমার মেয়ে নাফিসা নাওয়ালকে সাথে নিয়ে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আন্দোলনে যোগদান করার জন্য রওনা দেই।” 

আইডিয়াল স্কুলের কাছাকাছি পৌঁছলে পুলিশ তাদের রিকশা থামিয়ে দেয় এবং তারা রিকশা থেকে নেমে হেঁটে আন্দোলনে অংশগ্রহণ করেন, বলেন তিনি।

দুপুর আনুমানিক ১২টার সময় তারা আইডিয়াল স্কুলে পৌঁছানোর বিষয়টি তুলে ধরে সোনিয়া বলেন, “আনুমানিক এক ঘণ্টা পর মোবাইল চেক করে দেখি আমার মোবাইলে অনেকগুলো কল এসেছে। কলগুলো ছিল আমার ছোট ভাই আসিফের (৩২)। 

“আসিফ আমাকে ফোন করে তাড়াতাড়ি বাসায় আসতে বলে। সে বলে জুনায়েদ মাথায় ব্যথা পেয়েছে। তখন আমি আমার মেয়েকে নিয়ে বাসায় চলে আসি। 

“আমি বাসায় ভাসুরের রুমে ঢুকে দেখি আমার ছেলেকে বিছানায় শুইয়ে রাখা হয়েছে। তার বাম চোখের বাম পাশে গুলি লেগে মাথার পিছন দিয়ে বড় গর্ত হয়ে বের হয়ে গেছে। অনেক রক্ত বের হচ্ছিল। তা দেখে আমি কান্নায় ভেঙে পড়ি।” 

এই কথা বলে তিনি অঝোরে কাঁদতে থাকেন। এ সময় কিছুক্ষণের জন্য ট্রাইব্যুনালের বিচারকসহ সবাই স্তব্ধ হয়ে থাকেন। 

কিছুক্ষণ পর সোনিয়া আবার বলতে শুরু করেন, “আমি জানতে পারি, ওই দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটের অপর পাশে ফুটপাতের উপর জুনায়েদ গুলিবিদ্ধ হয়ে মারা যায়। তার বন্ধু সিয়াম ও আব্দুর রউফ তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। তারা আমার ছেলের লাশ বাসায় নিয়ে আসে।” 

পরে ধূপখোলা মাঠে জানাজা শেষে জুরাইন কবরস্থানে দাফন করা হয়। একই কবরস্থানে আরেক শহীদ শাহরিয়ার খান আনাসকেও দাফন হয়, বলেন তিনি।

এই সাক্ষীর তার জবানবন্দিতে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানতে পারেন তৎকালীন পুলিশ কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তীর নির্দেশে চানখাঁরপুল এলাকার নবাব কাটরা সংলগ্ন এলাকায় এডিসি আক্তারুল ইসলামের নির্দেশে পুলিশ কনস্টেবল সুজন, ইমাজ, নাসিরুল বেপরোয়াভাবে গুলি চালিয়ে মেহেদী হাসান জুনায়েদ, শাহরিয়ার খান আনাস, ইয়াকুব, রাকিব হাওলাদার, ইমতিয়াজ ও মানিককে হত্যা করে। 

তার দাবি, এই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

এ পর্যায়ে সোনিয়া বলেন, “ভিডিওতে দেখা গেছে–একজন পুলিশ গুলি করার ভিডিও স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেখাচ্ছেন এবং বলছেন, স্যার গুলি করি, মরে একজন, বাকিরা যায় না।” 

এ সময় সাক্ষী আবার কাঁদতে থাকেন। তিনি একটি ভিডিও সম্বলিত পেনড্রাইভ জমা দেন, যেটা ট্রাইব্যুনালে প্রদর্শিত হয়। সেখানে তিনি জুনায়েদের লাশ শনাক্ত করেন। 

এদিন সকালে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে কারাগার থেকে প্রিজনভ্যানে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। তিনি দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেছেন। তিন আসামির মধ্যে একমাত্র তিনিই কারাগারে আটক আছেন, বাকি দুজনকে পলাতক দেখিয়ে এ মামলার কার্যক্রম চলছে।

এ মামলায় ৮১ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন ১৫ জন।

গত ১০ জুলাই শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আন্দোলন দমনে ১৪০০ জনকে হত্যার উসকানি, প্ররোচনা ও নির্দেশ দান, ‘সুপিরিয়র কমান্ড রেসপনসেবলিটি’ এবং ‘জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের’ মোট পাঁচ অভিযোগে বিচার শুরুর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

জামায়াতে ইসলামী, এনসিপিসহ কয়েকটি দল নির্বাচনের আগেই শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার শেষ করার দাবি জানিয়ে আসছে।

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সম্প্রতি এক ফেইসবুক পোস্টে বলেছেন, অন্তর্বর্তী সরকারের শাসনামলেই এ বিচার শেষ হবে বলে তিনি আশা করছেন।

জুলাই গণভ্যুত্থানের মধ্যে রাজধানীর চাঁনখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের আলাদা মামলা হয়েছে। 

এ মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। মামলাটি এখন সাক্ষ্যগ্রহণের পর্যায়ে রয়েছে।