২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুম: ট্রাইব্যুনালে সাবেক ২ পুলিশ কর্মকর্তার প্রতিবেদন ২০ ফেব্রুয়ারি

এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনের এক হত্যা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2024, 01:38 PM

Updated : 10 Sep 2026, 12:24 PM

গুম ও নির্যাতনের মামলায় সাবেক দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাদের বিষয়ে তদন্ত প্রতিবেদন দিতে আগামী ২০ ফেব্রুয়ারি দিন ঠিক করা হয়েছে।

বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল সোমবার এ আদেশ দেয়।

এদিন রাঙামাটি ট্রেনিং সেন্টারের সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী এবং বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

কৌঁসুলি বি এম সুলতান মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ দুই সাবেক পুলিশ কর্মকর্তাকে গুম ও নির্যাতনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারি তাদের বিষয়ে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য দিন রাখা হয়েছে।”

এর আগে গত ২৮ নভেম্বর বিচারক তাদের ট্রাইব্যুনালে হাজির করাতে ‘প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যুর’ জারি করে এবং ২ ডিসেম্বর তাদের হাজির করতে নির্দেশ দেয়।

ওইদিন ট্রাইব্যুনালের কৌঁসুলি গাজী মোনাওয়ার হুসাইন তামিম বলেছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর শনির আখড়ায় জোবায়ের ওমর খানের মৃত্যুর মামলায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে রয়েছেন রাঙামাটি ট্রেনিং সেন্টারের সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন।

“তাদের বিরুদ্ধে অসংখ্য গুম ও নির্যাতনের অভিযোগ রয়েছে। গুম কমিশন তদন্ত করছে। গুম কমিশনের প্রাথমিক তদন্তে সত্যতাও মিলেছে। ট্রাইব্যুনালে রিপোর্ট দাখিলের প্রেক্ষিতে আজকে দুটি দরখাস্তের মাধ্যমে ট্রাইব্যুনালের নজরে আনা হয়েছে। ট্রাইব্যুনাল আবেদন দুটি মঞ্জুর করেছেন। আগামী ২ ডিসেম্বর দুই সাবেক র‍্যাব কর্মকর্তাকে ট্রাইব্যুনালে উপস্থাপনের জন্য আদেশ দেওয়া হয়েছে।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর শনির আখড়ায় জোবায়ের ওমর খানের মৃত্যুর ঘটনায় এ মামলা দায়ের করা হয়।

সাবেক দুই পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ