২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক দুই পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

এ দুই কর্মকর্তা এখন গ্রেপ্তার আছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2024, 04:49 PM

Updated : 26 Aug 2026, 11:00 AM

গুমের পর নির্যাতনের মামলায় সাবেক দুই পুলিশ কর্মকর্তাকে হাজিরের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল বৃহস্পতিবার এ আদেশ দেয়।

যাদের হাজিরের আদেশ হয়েছে, তারা হলেন- রাঙামাটি ট্রেনিং সেন্টারের সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী এবং বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন। এ দুই কর্মকর্তা এখন গ্রেপ্তার আছেন। 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ ট্রাইবুনালে ‘প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যুর’ আবেদন করা হয় এবং ট্রাইবুনাল আগামী ২ ডিসেম্বর তাদের হাজির করতে নির্দেশ দেন।”

পরে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর শনির আখড়ায় জোবায়ের ওমর খানের মৃত্যুর মামলায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে রয়েছেন রাঙামাটি ট্রেনিং সেন্টারের সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন। 

“তাদের বিরুদ্ধে অসংখ্য গুম ও নির্যাতনের অভিযোগ রয়েছে। গুম কমিশন তদন্ত করছে। গুম কমিশনের প্রাথমিক তদন্তে সত্যতাও মিলেছে। ট্রাইব্যুনালে রিপোর্ট দাখিলের প্রেক্ষিতে আজকে দুটি দরখাস্তের মাধ্যমে ট্রাইব্যুনালের নজরে আনা হয়েছে। ট্রাইব্যুনাল আবেদন দুটি মঞ্জুর করেছেন। আগামী ২ ডিসেম্বর দুই সাবেক র‍্যাব কর্মকর্তাকে ট্রাইব্যুনালে উপস্থাপনের জন্য আদেশ দেওয়া হয়েছে।”

তামিম বলেন, ট্রাইব্যুনালের আইনে আগে গুমের ব্যাখ্যা ছিল ‘কনফাইনমেন্ট’, ‘টর্চার’, ‘অ্যাবডাকশন’ মিলিয়ে। ২০২৪ সালের সংশোধনের পরে ট্রাইব্যুনালের আইনে ‘ফোর্সফুলি ডিজএপিয়ারেন্স’ শব্দের সংযুক্তির মাধ্যমে সরাসরি গুমকে অপরাধ ঘোষণা করা হয়েছে৷ 

“সেই অপরাধের বিচার এই ট্রাইব্যুনাল করতে পারবে। সেই আইনেই মূলত গুমের অভিযোগে অভিযুক্ত সাবেক দুই র‍্যাব কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে হাজির করার আবেদন করেছিলাম।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর শনির আখড়ায় জোবায়ের ওমর খানের মৃত্যুর ঘটনায় এ মামলা দায়ের করা হয়।