২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাতার ও মালদ্বীপ থেকে বন্দিদের দেশে আনার পথ খুলছে

চুক্তি কার্যকর হলে উভয় দেশে সাজাপ্রাপ্ত নাগরিকরা নিজ দেশে সাজা ভোগের সুযোগ পাবেন।

কাতার ও মালদ্বীপ থেকে বন্দিদের দেশে আনার পথ খুলছে
ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে। ছবি: পিআইডি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2024, 11:13 PM

Updated : 26 Aug 2026, 10:35 AM

কাতার ও মালদ্বীপে সাজাপ্রাপ্ত বাংলাদেশিদের ফিরিয়ে আনার বিষয়ে দেশ দুটির সঙ্গে পৃথক চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে আসা দুটি প্রস্তাবনার অনুমোদন দেওয়া হয়েছে। বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বিভিন্ন দেশে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত বা সাজাপ্রাপ্ত ব্যক্তিদের নিজ দেশে সাজা ভোগ করার সুযোগ দিতে বন্দি বিনিময় চুক্তি করা হয়ে থাকে। চুক্তির আওতায় বিদেশে সাজাপ্রাপ্ত ব্যক্তিরা নিজ দেশে সাজা ভোগের সুবিধা পান। ভারত ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, মালদ্বীপের সঙ্গে চুক্তিতে ১৮টি অনুচ্ছেদ রয়েছে। চুক্তি কার্যকর হলে উভয়দেশের ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত বা সাজাপ্রাপ্ত নাগরিকরা নিজ নিজ দেশে সাজা ভোগ করতে পারবেন। এ চুক্তি ১০ বছরের জন্য বলবৎ থাকবে। উভয়পক্ষ সম্মত হলে পরবর্তীতে আরও ১০ বছরের জন্য নবায়ন করা যাবে। উপদেষ্টা পরিষদ বৈঠকে খসড়া চুক্তি অনুমোদন করা হয়েছে।

২০১৫ সালে মালদ্বীপ সরকারের কাছ থেকে এই ধরনের চুক্তি স্বাক্ষরের প্রস্তাব পায় বাংলাদেশ। মালদ্বীপে বাংলাদেশ দূতাবাস থেকে তখন জানানো হয়, দীর্ঘদিন ধরে মালদ্বীপের বিভিন্ন কারাগারে বাংলাদেশি নাগরিকরা বিভিন্ন অভিযোগে আটক রয়েছেন। তারা অবশিষ্ট সাজার মেয়াদ বাংলাদেশের কারাগারে কাটানোর ইচ্ছা পোষণ করছেন। প্রস্তাবিত চুক্তিটি স্বাক্ষরিত হলে মালদ্বীপের কারাগারে আটক বাংলাদেশি সাজাপ্রাপ্ত বন্দিদের বাংলাদেশে ফেরত আনা সম্ভব হবে।

অপরদিকে কাতার বাংলাদেশের সঙ্গে সাজাপ্রাপ্ত বন্দি বিনিময় চুক্তির প্রস্তাব করে ২০২২ সালের অগাস্টে।

উপদেষ্টা পরিষদের বৈঠকে 'পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪'-এর খসড়ারও নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

খসড়ায় অত্যাবশ্যক বিবেচনায় জনস্বার্থে সরকার যে কোনো ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে অপসারণ ও নিয়োগ করতে পারবে, কর্মকর্তা-কর্মচারীকে অপসারণ ও নিয়োগ করতে পারবে এবং ওয়াসা বোর্ড বাতিল করতে পারবে। উপদেষ্টা পরিষদ বৈঠকে অধ্যাদেশটি লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্তভাবে অনুমোদন করেছে।

বৈঠকে 'রপ্তানি নীতি ২০২৪-২৭'-এর খসড়ার অনুমোদন করা হয়েছে। নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের রপ্তানিতে সম্পৃক্তকরণে সুনির্দিষ্ট নীতি সুপারিশ করা হয়েছে। ডব্লিউটিও বিধিবিধান অনুসরণ করে রপ্তানিকারকদের উৎসাহিত করতে আর্থিক প্রণোদনার বিকল্প পদক্ষেপ গ্রহণের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। ২০২৪-২৭ মেয়াদের শেষ বছরে ১১০ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

নীতিমালায় সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত খাতে সম্ভাবনাময় নতুন কিছু পণ্য ও সেবা যুক্ত করা হয়েছে। যেমন- সবজি, হস্ত ও কারু পণ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষ উন্নয়নমূলক খাতে স্পিনিং ও ফেব্রিক ম্যানুফেকচারিং ও ডাইং-প্রিন্টিং ফিনিশিং অন্তর্ভুক্ত করা হয়েছে। সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত সেবা খাত ও বিশেষ উন্নয়নমূলক সেবা খাত অন্তর্ভুক্ত করা হয়েছে। রপ্তানি সম্প্রসারণে সহায়ক পদক্ষেপ হিসাবে ওষুধ শিল্প ও মেডিকেল সরঞ্জাম এবং হস্তশিল্পজাত পণ্যকে নতুনভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।