২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বায়ুমান ব্যবস্থাপনায় কর্মপরিকল্পনা নির্ধারণ করেছে সরকার

এদিন সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশগত ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া অটোমেশনের লক্ষ্যে নতুন একটি সফটওয়্যার উদ্বোধন করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2024, 04:17 PM

Updated : 26 Aug 2026, 10:51 AM

বায়ু দূষণের উৎস নিয়ন্ত্রণ, বায়ু মান মনিটরিং ব্যবস্থা উন্নত করা এবং আইন প্রয়োগের প্রক্রিয়া শক্তিশালী করতে সরকার জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে। 

মঙ্গলবার ঢাকার পরিবেশ অধিদপ্তরে এক অনুষ্ঠানে এই কর্মপরিকল্পনা প্রকাশ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “এটি কঠোর নিয়ম বাস্তবায়ন এবং শিল্প, পরিবহন ও নগরায়ণে পরিচ্ছন্ন প্রযুক্তির প্রসারে একটি পথনকশা হিসেবে কাজ করবে।” 

উপদেষ্টা বলেন, “এই কর্মপরিকল্পনা বাংলাদেশের টেকসই পরিবেশগত লক্ষ্য অর্জনের বৃহত্তর কৌশলের একটি অংশ, যা গ্রামীণ ও শহুরে অঞ্চলের উদ্বেগজনক দূষণ হ্রাসে সহায়ক হবে। পরিচ্ছন্ন বায়ুর অগ্রাধিকার নিশ্চিত করে সরকার পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণে অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে। 

“সরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী, সিভিল সোসাইটি ও বেসরকারি খাতকে একসঙ্গে কাজ করতে হবে যাতে এই কর্মপরিকল্পনা কার্যকরভাবে বাস্তবায়ন সম্ভব হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় নীতিতে বায়ুমান ব্যবস্থাপনা সংযোজন, উন্নত পর্যবেক্ষণ প্রযুক্তি গ্রহণ এবং দূষণের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর গুরুত্ব নিয়ে আলোচনা হয়। 

এদিন পরিবেশ অধিদপ্তরে অন্য একটি অনুষ্ঠানে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশগত ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া অটোমেশনের লক্ষ্যে ‘অনলাইন প্ল্যাটফর্ম এ ট্রান্সফরমেশন অব দ্য এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রসেস' শীর্ষক নতুন সফটওয়্যার উদ্বোধন করেন। 

এই নতুন সফটওয়্যার চালু হওয়ায় পরিবেশ ছাড়পত্র ছাড়পত্র দেওয়া ও নবায়ন প্রক্রিয়া সহজ হবে বলে অনুষ্ঠানে আশা প্রকাশ করেন উপদেষ্টা। 

তিনি বলেন, “অনলাইনে আবেদন, প্রয়োজনীয় কাগজপত্র আপলোড ও ছাড়পত্র গ্রহণের সুবিধা থাকবে। উদ্যোক্তারা আবেদন প্রক্রিয়ার অগ্রগতি অনলাইনে দেখতে পারবেন।” 

“এছাড়া অনলাইনে ফি প্রদান, ছাড়পত্র/নবায়ন ফি, ভ্যাট প্রদান সহজ হবে। এতে বেজা, বিডা, বিসিক, বেপজা, বিএইচটিপিএর অনস্টপ সেবা নিশ্চিত করা যাবে।” 

তিনি বলেন, “জাল কাগজপত্র শনাক্তকরণ, ডেটা যাচাই ও ছাড়পত্রের সঠিকতা নিশ্চিত সহজ হবে। সময়, খরচ ও অফিসে যাতায়াত কমবে। হার্ডকপির ব্যবহার কমে যাবে। মনিটরিং সহজ হবে। এভাবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং উদ্যোক্তাদের ভোগান্তি কমবে। ডাটা সুরক্ষা বৃদ্ধি পাবে।”