আরব আমিরাতে আরও ৭৫ বাংলাদেশিকে ক্ষমা
কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভে সংহতি জানিয়ে আরব আমিরাতের রাস্তায় বিক্ষোভে নেমেছিলেন বাংলাদেশিরা; পরে তাদের আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
জুলাই-অগাস্টের গণআন্দোলনের সময় মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে সংহতি জানিয়ে বিক্ষোভের ঘটনায় কারাগারে যাওয়া আরও ৭৫ বাংলাদেশিকে ক্ষমা করেছে দেশটির সরকার।
এ নিয়ে দেশটিতে বিক্ষোভ করা মোট ১৮৮ জন মুক্তি পেলেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শেফায়েত হোসেন।
এর আগে প্রথম দফায় গত ৩ সেপ্টেম্বর ৫৭ জন বাংলাদেশিকে সাধারণ ক্ষমা ঘোষণা করে আরব আমিরাত সরকার।
গত জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশ যখন বিক্ষোভে উত্তাল, সেসময় তাতে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতের রাস্তায় বিক্ষোভে নেমেছিলেন বাংলাদেশিরা।
দুবাই, শারজাহ ও আজমানের বিভিন্ন এলাকার সড়কে ২০ জুলাই সন্ধ্যায় বিক্ষোভের সময় ৫৭ বাংলাদেশিকে আটক করে আমিরাতের পুলিশ। দুদিন পর দাঙ্গা, যোগাযোগে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং সম্পদহানির মত অভিযোগে বিভিন্ন মেয়াদে তাদের সাজা ঘোষণা করে কারাগারে পাঠানো হয়।
এরপর বাংলাদেশিদের জন্য ভিসা সুবিধা অনির্দিষ্টকালের জন্য বন্ধ বরার ঘোষণা দেয় আমিরাত সরকার।
পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন অগাস্টে বলেছিলেন, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আটক ও দণ্ডিত প্রবাসী বাংলাদেশিদের মুক্তির বিষয়ে আরব আমিরাতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। এরপর তিন ৩ সেপ্টেম্বর প্রথম দফায় ৫৭ জন মুক্তি পান।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, মুক্তি পাওয়াদের মধ্যে ১১৩ জন এ পর্যন্ত দেশে ফিরেছেন। আর আগামী সপ্তাহের মধ্যে আরও ৭৫ জন ফিরবেন।
আরও পড়ুন-
