লিবিয়া ফেরত ব্যক্তির ‘মানব পাচারের মাফিয়া সিন্ডিকেট’: সিআইডি
গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে মানবপাচারে জড়িত আরও কয়েকজনের ব্যাপারে তথ্য পাওয়ার কথা বলছে পুলিশ।
লিবিয়া থেকে ফেরত আসা ১৭৫ বাংলাদেশির মধ্যে একজনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বলছে, তিনি লিবিয়ায় মানব পাচারের ‘মাফিয়া সিন্ডিকেট’ এর সঙ্গে জড়িত। নৌকায় করে চার/পাঁচশ বাংলাদেশিকে অবৈধভাবে লিবিয়া থেকে ইতালি পাঠিয়েছেন তিনি।
সাখাওয়াত হোসেন (৪২) নামে ওই ব্যক্তির বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে ঢাকার বিমানবন্দর থানা ও কিশোরগঞ্জ সদর থানায় মামলার তথ্য পাওয়ার কথা বলছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় লিবিয়ার ত্রিপলিতে বাংলাদেশ হাই কমিশনের দেওয়া ‘আউটপাসে’ ১৭৫ বাংলাদেশি নাগরিক দেশে ফিরে আসেন। তাদের জিজ্ঞাসাবাদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত ফরমে তথ্য লিপিবদ্ধ করার সময় সাখাওয়াতকে গ্রেপ্তারের কথা বলেছে সিআইডি।
বৃহস্পতিবার বিকালে সিআইডি সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, “লিবিয়ায় মানব পাচারের মাফিয়া সিন্ডিকেট পরিচালনা ও অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে সাখাওয়াতের বিরুদ্ধে। তার মাধ্যমে চারটি নৌকায় করে চার থেকে পাঁচশ বাংলাদেশি লিবিয়া থেকে ইতালিতে অবৈধভাবে যায়। এই পাচারের মাধ্যমে তার সিন্ডিকেট বিপুল অর্থ আয় করে।”
সাখাওয়াতকে জিজ্ঞাসাবাদে মানবপাচারে জড়িত আরও কয়েকজনের ব্যাপারে তথ্য পাওয়ার কথা বলছে পুলিশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কাজে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক ট্রাফিক হেলপারও রয়েছেন। আরও চার-পাঁচজন সহযোগীর নাম পাওয়া গেছে। বিদেশে উন্নত জীবনের কথা বলে পাচার, আটক ও মুক্তিপণ আদায় করে তারা।
সাখাওয়াতের বিরুদ্ধে মামলা দুটি সিআইডি তদন্ত করবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়।
