Published : 25 Jul 2024, 01:36 AM
বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়া বন্ধ করা, না-করা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে কোনো তথ্য আসেনি বলে দাবি করেছেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
বুধবার তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে এ ধরনের কোনো তথ্য তারা পাননি।
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভিসা বন্ধের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী শফিকুর এসব কথা বলেন বলে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে তথ্য দেওয়া হয়েছে।
কোটা সংস্কার আন্দোলনের সমর্থনের বিনা অনুমতিতে ইউএইর কয়েকটি সড়কে বিক্ষোভ করায় সাজা হয়েছে ৫৭ বাংলাদেশির। সেই পরিপ্রেক্ষিতে ভিসা বন্ধের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেছেন, “দেশে যেভাবে মেট্রোরলসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করেছে, বিদেশেও তারাই বাংলাদেশের শ্রমবাজার ধ্বংস করার জন্য একই কাজ করেছে। একাত্তরের যুদ্ধাপরাধী জামায়াত-বিএনপির প্রেতাত্মারা যেমন কর্মকাণ্ড করেছিল, তেমনি তাদের শাস্তি হয়েছিল।
“দুবাইয়ে আন্দোলন করে তারা বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে। এ জন্য তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি হয়েছে। দণ্ডপ্রাপ্ত প্রবাসীদের ব্যাপারে আমরা কোনো হস্তক্ষেপ করব না। এটি তাদের রাষ্ট্রীয় বিষয়।”
আমিরাতে ভিসা বন্ধের ব্যাপারে তিনি বলেন, “আমাদের কাছে লিখিত কোনো অর্ডার আসেনি। আমরা সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছি, তারাও কিছু জানে না। বাংলাদেশে নিযুক্ত ইউএইর রাষ্টদূতের সঙ্গেও কথা বলেছি, তিনিও কিছু জানাননি।
“শ্রমবাজার বন্ধ হয়েছে কিনা, এ ব্যাপারে সঠিক কোনো তথ্য আমাদের কাছে নেই। জানলে আমরা গণমাধমকে জানিয়ে দিব। আমি সবাইকে অনুরোধ করব, সঠিক তথ্য নিয়ে সংবাদ পরিবশেন করার জন্য। দেশের উপকার হবে। মানুষের বিভ্রান্তিও কমবে।”
আমিরাতের ভিসা বন্ধের বিষয়টি কী ভিত্তিহীন- সাংবাদিকরে এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, “আমাদের কাছে এখনও কোনো খবর আসেনি, চিঠি আসেনি।”