Published : 10 Dec 2025, 08:27 PM
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন একাদশ গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত করার প্রশাসনিক প্রক্রিয়া আরেক ধাপ এগিয়েছে।
এ বিষয়ে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সুপারিশ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
গেল ৩ ডিসেম্বর প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় এই সুপারিশ আসে।
মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয় অধিশাখার উপসচিব জি এম সারফারাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষক পদের বেতন একাদশ থেকে দশম গ্রেডে উন্নীত করতে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সুপারিশসহ কার্যবিবরণীটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
“এখন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তাদের এ পদগুলোর বেতন দশম গ্রেডে নির্ধারণে উপদেষ্টা পরিষদের অনুমোদন নেওয়া, জিও (সরকারি আদেশ) জারিসহ অন্যান্য অনুষ্ঠানিকতা সম্পন্ন করবে।”
উচ্চ আদালতের নির্দেশনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন প্রধান শিক্ষককে গেল ২৭ অক্টোবর গেজেটেড কর্মকর্তার পদমর্যাদা দিয়ে তাদের বেতন দশম গ্রেডে উন্নীত করা হয়। এরপর ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষকদের সবগুলো পদের বেতন দশম গ্রেডে নির্ধারণের উদ্যোগ নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
গত ২৮ জুলাই অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ ও অক্টোবরে জনপ্রশাসন মন্ত্রণালয় এসব প্রধান শিক্ষক পদের বেতন দশম গ্রেডে উন্নীত করার সম্মতি দিয়েছিল।
পরে গত ১১ নভেম্বর অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ এ প্রস্তাবে সম্মতি জানায়।
৩ ডিসেম্বর প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অষ্টম সভার কার্যবিবরণীতে বলা হয়েছে, সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষক পদের বেতন একাদশ থেকে দশম গ্রেডে নির্ধারণের প্রস্তাব উপস্থাপন করেন।
রিট আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের আদেশে ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন দশম গ্রেডে উন্নীত করার ধারাবাহিকতায় এসব পদের বেতন দশম গ্রেডে উন্নীত করার প্রস্তাবে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ এবং একই বিভাগের বাস্তবায়ন অনুবিভাগের সম্মতির বিষয়টি সভায় তুলে ধরেন সচিব।
পর্যালোচনার পর প্রাথমিকের ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষক পদের বেতন একাদশ থেকে দশম গ্রেডে উন্নীত করা যেতে পারে বলে সভায় ঐকমত্য হয় বলে তুলে ধরা হয়েছে কার্যবিবরণীতে।
তার আগে ২৮ জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলেছিল, “সরকার দেশের ৬৫ হাজার ৫০২ প্রধান শিক্ষক পদের বেতন স্কেল বিদ্যমান একাদশ গ্রেড (প্রশিক্ষণপ্রাপ্ত) এবং দ্বাদশ গ্রেড (প্রশিক্ষণবিহীন) থেকে দশম গ্রেডে উন্নীতকরণে সম্মতি দিয়েছে। এর ফলে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করা হল।”
এর পর গত ২৭ অক্টোবর গেজেটেড কর্মকর্তার পদমর্যাদাসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন দশম গ্রেডে উন্নীত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।